বুড়িগঙ্গার দিকে ছুটছে ময়লার স্তূপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার শ্যামবাজার–সংলগ্ন বুড়িগঙ্গার পাড়ে ফেলা হচ্ছে কাঁচাবাজারের আবর্জনা। গত সোমবার দুপুরে তোলা ছবিতে দেখা যায়, তীর ছাড়িয়ে এসব আবর্জনা এখন নদীতে গিয়ে পড়ছে l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার শ্যামবাজার–সংলগ্ন বুড়িগঙ্গার পাড়ে ফেলা হচ্ছে কাঁচাবাজারের আবর্জনা। গত সোমবার দুপুরে তোলা ছবিতে দেখা যায়, তীর ছাড়িয়ে এসব আবর্জনা এখন নদীতে গিয়ে পড়ছে l ছবি: প্রথম আলো

ছাগলগুলো বেশ নাদুসনুদুস। কুকুরগুলোও মোটাতাজা। ছাগল খাচ্ছে সবজির ময়লা থেকে পাওয়া সবুজ পাতা-ডাঁটা। কুকুর খুঁজে নিচ্ছে হোটেলের উচ্ছিষ্ট। দিনের বেশির ভাগ সময় থাকে তারা বুড়িগঙ্গার নদীর ওপরেই। কারণ শ্যামবাজার-সংলগ্ন বুড়িগঙ্গার এই তীরের আবর্জনা স্তূপ নামতে নামতে নদীর ভেতরেই যাচ্ছে।
শ্যামবাজার বণিক সমিতির সভাপতি হাজি সাঈদ অভিযোগ করেন, শ্যামবাজারের ফুটপাতে বসে যাঁরা কাঁচামালের ব্যবসা করছেন, তাঁরাই বুড়িগঙ্গার তীরে শাকসবজির আবর্জনা ফেলে অনেক জায়গা ভরাট করে ফেলছেন। শ্যামবাজারের কোনো ব্যবসায়ী সেখানে ময়লা ফেলেন না। তিনি বলেন, যেভাবে ময়লা ফেলে বুড়িগঙ্গা ভরাট করা হয়েছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ময়লার কারণে নদীর পানি দূষিত হচ্ছে, এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে।
সবজির আবর্জনায় বুড়িগঙ্গার পাড়ের অন্তত ২০০ হাত জায়গা ভরাট হয়ে গেছে। সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সরেজমিনে থেকে দেখা যায়, স্থানীয় সবজি ব্যবসায়ীদের লোকজন আবর্জনা ফেলছেন। শাহীন নামের এক যুবক প্রথম আলোকে বলেন, অনেক আগে থেকে তাঁরা এখানে ময়লা ফেলেন। শ্যামবাজারের সব আবর্জনা এখানে ফেলা হয়, সবাই ফেলে।
স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেন, ‘ঘাটে বসে বুড়িগঙ্গা দেখার মজাই আলাদা। মাঝে মাঝে শ্যামবাজারের এই ঘাটে এসে আমরা বসতাম। কিন্তু ময়লা ফেলে এমন অবস্থা করা হয়েছে যে ঘাটের আশপাশেও দাঁড়ানোর উপায় নেই।’
এই ময়লার স্তূপের কাছেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) স্থানীয় কার্যালয়। কিন্তু তাঁরা বুড়িগঙ্গার এই দুরবস্থা দেখছেন না। কথা বলার সময় স্থানীয় একাধিক ব্যক্তি জানালেন, তাঁরা ওই দপ্তরে গিয়ে অভিযোগও করেছেন। কিন্তু বিআইডব্লিউটিএর লোকজন কোনো ব্যবস্থা নেননি। কারণ ফুটপাতে ভাসমান কাঁচামালের ব্যবসায়ীরা ব্যবসা করছেন সরকারি নানা সংস্থার লোকজনের ছত্রচ্ছায়ায়।
তবে বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের ময়লা ফেলার জন্য শ্যামবাজারের কাছে ফরাশগঞ্জের ওয়াপদায় জায়গা দিয়েছে বিআইডব্লিউটিএ। কিন্তু শ্যামবাজারের সবজির ব্যবসায়ীরা সেখানে ময়লা ফেলছেন না। তিনি জানান, বুড়িগঙ্গার এই আবর্জনা সরিয়ে ফেলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। কিন্তু তারা এখনো ব্যবস্থা নেয়নি।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার কমোডর মো. শফিকুল আলম বলেন, তিনি বিষয়টি জানেন। আজ-কালের মধ্যে আবর্জনা সরিয়ে ফেলা হবে।