রাজধানীর শ্যামবাজার, কদমতলী ও বীনা স্মৃতি (ওয়াইজঘাট) এলাকায় বুড়িগঙ্গা নদীর সীমানায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।
আদালত নদী দখলমুক্ত রাখতে সেখানে তিন মাস পর পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করারও নির্দেশ দিয়েছেন। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
রুলে ওই তিন এলাকায় নদীর সীমানার ভেতরে থাকা স্থাপনা ও নির্মাণ অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পরিবেশ ও নৌপরিবহনসচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, কোতোয়ালি, শ্যামপুর ও সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে ঢাকার জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার, ওই তিন থানার ওসি এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও বিআইডব্লিউটিএর পরিচালককে (বন্দর) বলা হয়েছে। ১১ ডিসেম্বর পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে।
বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের চার নদী রক্ষায় ২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ রায় দেন। এর মধ্যে নদীর সীমানায় থাকা স্থাপনা অপসারণের নির্দেশনাও ছিল। তবে ওই নির্দেশনা অনুসরণ না করায় গত বৃহস্পতিবার এইচআরপিবি আবেদনটি করে বলে জানান মনজিল মোরসেদ।