বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বুড়িগঙ্গা শাখানদীতে গড়ে ওঠা ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ইসলামবাগ, কামরাঙ্গীরচর, টাংকিরঘাট ও কেল্লারমোড় শ্মশানঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা রাজধানীর লালবাগ মৌজার ইসলামবাগ এলাকার বুড়িগঙ্গা শাখানদীর তীর থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানকালে ১৬৫টি ছোট বড় টিনশেডের টং ঘর, দুটি পাকা দেয়াল, চারটি ইট–বালুর গদিসহ ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শহিদউল্লাহ, সহকারী পরিচালক আসাদউজ্জামান আসাদসহ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শহিদউল্লাহ বলেন, গতকালের উচ্ছেদ অভিযানে বুড়িগঙ্গা ও বুড়িগঙ্গার শাখানদীর তীরে গড়ে ওঠা ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকি অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।