বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে গত মঙ্গলবার বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে একটি আড়াইতলা ভবনসহ অর্ধশতাধিক টংঘর ও টিনসেডের গদিঘর উচ্ছেদ করা হয়। ঢাকা নদীবন্দর সূত্র জানায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর কদমতলী থানাধীন আলীবহর গাজীঘাট এলাকায় ভূমিদস্যু গাজী গোলাম হোসেনের দখল করা আড়াইতলা পাকা ভবন উচ্ছেদের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় অর্ধশতাধিক ছোট-বড় টংঘর ও টিনসেডের গদিঘর উচ্ছেদ করা হয়। এ ছাড়া অভিযানে বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে দখল করে ইট ও বালুর ব্যবসা পরিচালনার অভিযোগে প্রায় ৮০ হাজার ইট জব্দ করা হয়। গাজী গোলাম হোসেন বলেন, ‘আমি এলাকার সমাজসেবক ও পরিবেশবাদী। আমার পূর্বপুরুষ এই জমি খরিদ করেছিল। তাই এখানে ভবণ নির্মাণ করেছি।’ ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন বলেন, অবৈধ দখলদার ও ইট ব্যবসায়ীদের কয়েক দিন আগেই তাঁদের মালামাল সরকারি জায়গা থেকে সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু আজও তাঁদের মালামাল সরিয়ে নেননি। প্রায় ৮০ হাজার ইট জব্দ করা হয়েছে, এগুলো বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এ ছাড়া উচ্ছেদ করা জায়গাগুলো যাতে আবার দখল না হয়, সেজন্য এখানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহল দেবে।ঢাকা নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক আফজাল শরীফ জানান, ২০০১ সালে বিআইডব্লিউটিএ আলীবহর এলাকার গাজী গোলাম হোসেনের দখল করা সরকারি জায়গাটিতে উচ্ছেদ অভিযান চালায়। সে সময় গোলাম হোসেন হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্ট উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। এ নিষেধাজ্ঞা জারির পর তিনি আবার দখল-প্রক্রিয়া শুরু করেন। যত দিন পর্যন্ত বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত না হবে, তত দিন এ অভিযান চলবে।