বুড়িগঙ্গায় আছে শুধু শিং মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গায় আছে শুধু শিং মাছ। আর সব মাছ মরে গেছে। এ কথা বলছিলেন বুড়িগঙ্গার জেলে মন্টু রাজবংশী। তিনি ৫০ বছর ধরে বুড়িগঙ্গায় মাছ ধরছেন। একই পেশায় এসেছেন তাঁর দুই ছেলেও। গত ১০ ডিসেম্বর বুড়িগঙ্গার ফরাশগঞ্জে এই তিনজনকে মাছ ধরতে দেখা যায়। তাঁদের জালে ধরা পড়ছিল শুধু শিং মাছ। পরিমাণেও সামান্য।
মন্টু রাজবংশীর ছেলে সুকুমার বলছিলেন, ‘বুড়িগঙ্গার জল বিষ হয়ে গেছে। শিং ছাড়া সব মাছ মরে গেছে। কয়েক দিন পর এটাও হয়তো থাকবে না।’
কেবল মন্টু রাজবংশী নন, একই গল্প শোনালেন মীরেরবাগ জেলেপট্টির আরও ১০ জন জেলে। তাঁদের একজন গোপীনাথ বর্মণ। তাঁর বয়স ৮৫ বছর। জীবনের অধিকাংশ সময় কেটেছে বুড়িগঙ্গা নদীতে মাছ ধরে। বুড়িগঙ্গার ‘মাছের গল্প’ বলতে গিয়ে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন এই প্রবীণ জেলে। বলছিলেন, বুড়িগঙ্গার পানি নয় মাস পচা থাকে। তিন মাস ভালো থাকে। তিন মাস নদীতে রুই, কাতলা, চিংড়ি মাছ পাওয়া যায়। বাকি সময় মাছ থাকে না। বড়ই কষ্টে আছেন।

বুড়িগঙ্গার ফরাশগঞ্জ এলাকায় ঝঁাকি জাল দিয়ে মাছ ধরছেন সুকুমার রাজবংশী। ছবিটি ১০ ডিসেম্বর তোলা l প্রথম আলো
বুড়িগঙ্গার ফরাশগঞ্জ এলাকায় ঝঁাকি জাল দিয়ে মাছ ধরছেন সুকুমার রাজবংশী। ছবিটি ১০ ডিসেম্বর তোলা l প্রথম আলো

বুড়িগঙ্গায় শিং মাছ ধরে জীবন চালাচ্ছেন সজল রাজবংশী। তাঁর মা পারুল রাজবংশী। পারুল বলছিলেন, বুড়িগঙ্গা কেবল নদী নয়, তাঁদের অন্নদাতা। তাঁর ছেলেরা মাছ ধরে সংসার চালান। এখন অল্প কিছু শিং মাছ ছাড়া বুড়িগঙ্গায় আর কিছুই পাওয়া যায় না। বুড়িগঙ্গার জেলেদের জালে যে শিং মাছ পাওয়া যাচ্ছে, তার আকার খুব ছোট। কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।
বুড়িগঙ্গার দূষিত পানিতে অন্য মাছ বাঁচতে না পারলেও শিং মাছ কেমন করে টিকে আছে? বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘শিং মাছের অতিরিক্ত শ্বসনযন্ত্র রয়েছে। যে কারণে প্রতিকূল পরিবেশেও শিং মাছ বেঁচে থাকতে পারে। বুড়িগঙ্গায় শিং মাছ বেঁচে থাকার এটাই অন্যতম কারণ।’
জেলেদের সঙ্গে আলাপ করে জানা গেল, মীরেরবাগ জেলেপট্টির মতো বুড়িগঙ্গার তীর ঘেঁষে আরও অন্তত ২০টি জেলেপট্টি রয়েছে। এসব জেলেপট্টিতে ১ থেকে ২ হাজার জেলে বসবাস করেন। বুড়িগঙ্গায় মাছ না থাকায় অনেকে পেশা বদল করছেন। এমন এক জেলে বলাই বর্মণ। তাঁর বয়স ৪৬ বছর। আগে নিয়মিত বুড়িগঙ্গায় মাছ ধরতেন। তিন বছর হলো মাছ ধরা ছেড়েছেন। নদীতে মাছই নেই তো ধরবেন কী! বাধ্য হয়ে কালীগঞ্জের একটি কারখানায় কাজ নিয়েছেন। আরেক জেলে নীল কমল বর্মণ। থাকেন মান্দাইল জেলেপট্টিতে। পাঁচ বছর আগেও তিনি নিয়মিত বুড়িগঙ্গায় মাছ ধরতেন। এখন মাছ কিনে বিক্রি করেন। আবার কেউ কেউ বুড়িগঙ্গায় মাছ না পেয়ে মাছ ধরতে যাচ্ছেন মুন্সিগঞ্জ ও চাঁদপুরে। এমনই একজন জেলে গৌরাঙ্গ রাজবংশী। দক্ষিণ পানগাঁও জেলেপট্টির বাসিন্দা তিনি। বয়স ৮০ বছর। এখনো প্রতিদিন মাছ ধরেন। গৌরাঙ্গ প্রথম আলোকে বলছিলেন, ‘ব্রিটিশ আমলে জন্ম আমার। দাদাও বুড়িগঙ্গায় মাছ ধরে মরেছে। বাবাও মরেছে। এখন বুড়িগঙ্গার জল তো পচা। তাই আর কোনো মাছ পাওয়া যায় না। আগে বুড়িগঙ্গার জল ভালো ছিল, মাছ পাইছি। এখন মাছ ধরতে যেতে হয় অনেক দূরে। মুন্সিগঞ্জের গজারিয়ার ষাটনলে। যেতে হয় কুইচামারায়।’ বুড়িগঙ্গার মাছের স্মৃতিচারণা করতে গিয়ে আরেক প্রবীণ জেলে তপন বললেন, বুড়িগঙ্গা ছিল মাছের রাজ্য। পাওয়া যেত বড় বড় চিংড়ি, রুই, কাতল, কালবাউশ, বোয়াল মাছ। আক্ষেপ করে বললেন, ২০-২৫ বছর আগেও বুড়িগঙ্গার পানি টলটলে ছিল। নদীর পানি দিয়ে তাঁরা রান্নাবান্না করতেন। গোসল করতেন। তাঁদের চোখের সামনেই হাজারীবাগের ট্যানারি, শ্যামপুর-রায়েরবাগ ডাইংয়ের রাসায়নিক বর্জ্য ও শহরের পচা পানি বুড়িগঙ্গাকে শেষ করে দিয়েছে।
পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রথম আলোকে বলেন, বুড়িগঙ্গার পানি আগের তুলনায় ভালো। নদীতে মাছ পাওয়া যাচ্ছে। বুড়িগঙ্গা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।