বুড়িগঙ্গায় ছোট নৌকার বদলে বড় নৌকা চালুর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে নৌ দুর্ঘটনা রোধে ছোট নৌকার বদলে বড় নৌকা চলাচলের সুপারিশ করা হয়েছে। গতকাল সকালে এক সভায় এই সুপারিশ করেন অংশ নেওয়া বক্তারা। নৌ দুর্ঘটনা রোধে করণীয় ঠিক করতে এ সভা ডাকা হয়। ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে বিআইডব্লিউটিএ এ সভার আয়োজন করে।
সংস্থার পরিচালক শফিকুল হকের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় লঞ্চমালিক মো. কামালউদ্দিন বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের চরকালীগঞ্জ, রউফনগর ও আগানগর এলাকার লাখ লাখ মানুষ প্রতিদিন খেয়ানৌকাযোগে বুড়িগঙ্গা পার হয়ে ঢাকায় আসেন। বিশেষ করে শ্যামবাজার ও লালকুঠি ঘাট দিয়ে বেশির ভাগ ছাত্র-ছাত্রী ও সব পেশাজীবী মানুষ পারাপার হন। এতে দুর্ঘটনায় প্রায়ই মানুষ মারা যায়। জনগণের স্বার্থে গ্রিন লাইন লঞ্চের পন্টুনটি এখান থেকে সরানো দরকার।
অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, নৌ দুর্ঘটনা রোধে সদরঘাট টার্মিনাল এলাকায় চলাচলকারী খেয়ানৌকাগুলো বন্ধ করে দিয়ে বড় বড় নৌকা চলাচলের ব্যবস্থা করা দরকার। এ ছাড়া বিআইডব্লিউটিএর স্টিমার ও গ্রিন লাইনের লঞ্চ অন্যত্র সরিয়ে নিলে দুর্ঘটনা কমে যাবে।
বুড়িগঙ্গা নৌ দুর্ঘটনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, প্রতিদিন দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট থেকে ঢাকার লালকুঠি দিয়ে ছাত্র-ছাত্রী ও লাখ লাখ মানুষ খেয়ানৌকায় যাতায়াত করে। গত দু-তিন মাসে অন্তত ২৪ জন মানুষ মারা গেছে। রাজধানীর শ্যামবাজার ও লালকুঠি ঘাট এলাকা থেকে পন্টুন ও লঞ্চগুলো সরিয়ে নিলে নৌ দুর্ঘটনা কমে যাবে।
সদরঘাট তেল ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মো. এরশাদ বলেন, প্রতিবছর লঞ্চের ধাক্কায় ও নৌকাডুবিতে ৪০-৫০ জন মারা যাচ্ছে। টার্মিনালে এলোমেলোভাবে লঞ্চ নোঙর করা এবং অসতর্কভাবে চলাচলের জন্য দুর্ঘটনাগুলো ঘটেছে।
নৌ দুর্ঘটনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সদরঘাট তেল ব্যবসায়ী সমিতির সভাপতি জি এম সারোয়ার বলেন, নৌ দুর্ঘটনা রোধকল্পে সংগঠনের পক্ষ থেকে ১০টি দাবি রয়েছে। এর প্রধান দাবি হলো, লালকুঠি খেয়াঘাট প্রসার করা এবং কমপক্ষে পূর্ব ও পশ্চিম টার্মিনাল থেকে অন্তত চারটি পন্টুন অন্যত্র সরিয়ে নেওয়া। টার্মিনালের পন্টুনে এবং টার্মিনালের বিপরীতে বড় বড় জাহাজ রাখায় নদীবন্দর সরু হয়ে যাচ্ছে।
পরিচালক শফিকুল হক বলেন, রাজধানীর লালকুঠি খেয়াঘাট প্রসার করা এবং কমপক্ষে পূর্ব ও পশ্চিম টার্মিনাল থেকে অন্তত চারটি পন্টুন সরিয়ে নেওয়ার বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, ঢাকা নদীবন্দরের আহ্বায়ক লুৎফুর রহমান, বিআইডব্লিউটিএর ব্যবস্থাপক আবদুর নুর, কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) বদরুল আলম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, নৌ পুলিশের ইনচার্জ সাইদুর রহমান, লঞ্চের মালিক হামজা লাল, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি আ. আজিজ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শুভাঢ্যা ইউপি সদস্য কালু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।