বুড়িগঙ্গায় ট্রলারডুবি, একজনের লাশ উদ্ধার
বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ঘটনার পর ট্রলারযাত্রী এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে বলে যাত্রীরা জানিয়েছেন। গত শনিবার ফরাশগঞ্জ ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ফতুল্লার পাগলাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদরঘাটের উদ্দেশে রওনা হয়। ট্রলারটি ফরাশগঞ্জ ঘাট বরাবর মাঝনদীতে পৌঁছালে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী এমভি মিতালী-২ সেটিকে ধাক্কা দেয়। ট্রলারটি ডুবে গেলে কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় এবং অনেক যাত্রীকে নৌকা ও ট্রলারের সাহায্যে স্থানীয় লোকজন উদ্ধার করেন। তবে অনেকে নিখোঁজ রয়েছে শুনে ফায়ার সার্ভিসের ডুবুরির দল উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সন্ধ্যায় তারা সজীব (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করে। সজীবের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর গ্রামে। সে কেরানীগঞ্জের চরকালীগঞ্জের ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ফতুল্লার পঞ্চবটি এলাকার আ. রশিদ জানান, তাঁর খালা রাহেলা বেগম (৫৭) এখনো নিখোঁজ রয়েছেন। ঢাকায় যাওয়ার জন্য তিনি ট্রলারটিতে উঠেছিলেন।উদ্ধার পাওয়া যাত্রী সাগর (২২) জানান, ট্রলারটিতে শিশু ও নারীসহ শতাধিক যাত্রী ছিলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কোনো লাশ পাওয়া গেলে উদ্ধার করা হবে।