বুড়িগঙ্গায় ট্রলারডুবিতে তদন্ত কমিটি আর কোনো লাশ মেলেনি
শনিবার রাতে বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় শেষ পর্যন্ত দুজনেরই মৃতদেহ পাওয়া গেছে। বালুবাহী ভলগেটের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটি গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার বিষয়ে মামলা দায়ের এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গতকাল দুপুরে ট্রলার উদ্ধারের পরে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ বলে, আর কোনো মৃতদেহ পাওয়ার সম্ভাবনা নেই।দুর্ঘটনার পর শনিবার রাত একটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী পরিদর্শক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা বালুবাহী ভলগেট ও এর চালকের বিরুদ্ধে মামলা করেন।ট্রলার দুর্ঘটনার তদন্তে গতকাল সমুদ্র পরিবহন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান হাওলাদারকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়। অন্য দুই সদস্য হলেন, নৌযান জরিপকারক শাহাদাত হোসেন ও পরিদর্শক শফিক আইয়ুব। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।দুর্ঘটনাকবলিত ট্রলারটির কোনো নিবন্ধন বা ফিটনেস ছিল না বলে বিআইডব্লিউটিএ জানিয়েছে।গত শনিবার রাত সাড়ে আটটার দিকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কাছ থেকে কামরাঙ্গীরচরে যাওয়ার পথে বালুঘাট এলাকায় একটি ভলগেটের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে ৫০ জনের বেশি যাত্রী ছিল বলে জানা যায়। যাত্রীরা অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কিছু যাত্রীর খোঁজ গতকাল দিনশেষেও পাওয়া যায়নি।লাশের পরিচয় মিলেছে: গত শনিবার রাত দুইটার দিকে বালুঘাট এলাকা থেকে উদ্ধার করা মৃত যুবকের পরিচয় গতকাল পাওয়া গেছে। তিনি কামরাঙ্গীরচর এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী আমির হোসেন (২৮)। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার বাসিরায়। আমিরের ভাই মো. জাকির গতকাল সকালে মিটফোর্ড হাসপাতাল মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। নিহত অন্য যাত্রী হচ্ছেন মিটফোর্ড এলাকার একটি তৈজসপত্রের দোকানের কর্মচারী রিপন (৩৫)।ট্রলার উদ্ধার ও নিখোঁজদের খোঁজ: বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জ থেকে রওনা হয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর বাদামতলী ঘাট এলাকায় পৌঁছায়। গতকাল ভোররাত থেকেই নদীর উভয় তীরে শত শত মানুষের ভিড় জমে। অনেকে ট্রলার ও ইঞ্জিন নৌকা নিয়ে নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়ান। কোস্ট গার্ড, র্যাব ও পুলিশ বাহিনী নদীতে উদ্ধারকাজে সহায়তা করে। দুপুর সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিএর টাগবোট ‘অগ্রণী’ বালুঘাট এলাকা থেকে নিমজ্জিত ট্রলারটিকে টেনে নিয়ে বাদামতলী ঘাটে আসে। এরপর উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ডুবুরিরা ট্রলারটি পানির নিচ থেকে ওপরে তোলেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নিখোঁজ ছেলের অনুসন্ধানে এসেছিলেন কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট এলাকার বাসিন্দা মো. আইয়ুব মিয়া। আইয়ুব জানান, তাঁর ছেলে মো. জাহাঙ্গীর মিটফোর্ড এলাকায় কাজ শেষে সন্ধ্যার পর ওই ট্রলারে করেই বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু বাসায় ফেরেননি। অন্য নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার ব্যবসায়ী মো. আমজাদ হোসেন, ফতুল্লার বাসিন্দা মো. রাজুর শাশুড়ি মমতাজ বেগম ও দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানী এলাকার আবদুর রহমান (২৮)।রমজানে অভিযান চলবে: বিআইডব্লিউটিএর পরিকল্পনা পরিচালক জিল্লুর রহমান জানান, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত চারটায় উদ্ধার অভিযান শেষ করে। উদ্ধার হওয়া ট্রলার ও তার আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে। শেষ পর্যন্ত দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জিল্লুর রহমান বলেন, নদীতে সমুদ্র পরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলার সময় এসব নিবন্ধনহীন ট্রলার চলাচল করে না। চলে রাতের বেলায়। তিনি বলেন, নৌদুর্ঘটনা রোধে রমজান মাসে একাধিক ভ্রাম্যমাণ দল নদীতে অভিযান চালাবে।