বুড়িগঙ্গায় ট্রলারডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর বাবা-ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে দুই ঘণ্টার ব্যবধানে লাশগুলো উদ্ধার করা হয়।
এই নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হলো।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার বক্তাবলীর এলাকায় নিখোঁজ সেলিম খান (৫০) ও তাঁর ছেলে ইমনের (১২) লাশ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এর দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে কাছাকাছি রাজাপুর এলাকায় সেলিম খানের মেয়ে মৌসুমীর লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। স্বজনেরা লাশ তিনটি শনাক্ত করে। গতকাল সোমবার বিকেলে নিখোঁজ আবদুল কাদিরের লাশ উদ্ধার করেছিল পুলিশ।
বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল রাজ্জাক বলেন, ট্রলারডুবির ঘটনায় বুড়িগঙ্গা নদীর বক্তাবলীর আশপাশের এলাকা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হলো। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দিন মনি বলেন, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশই উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ রয়েছে, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।
গত শনিবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়।