বুড়িগঙ্গায় ট্রলারডুবির ঘটনায় আরও চারটি লাশ উদ্ধার
বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রীসহ ট্রলারডুবির ঘটনায় আরও চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় ছয়জন যাত্রীর লাশ উদ্ধার করা হলো।গতকাল যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন, কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকার কাঁসা-পিতল ব্যবসায়ী হোসাইন (২১), ভাঙ্গারি ব্যবসায়ী মো. জাহাঙ্গীর (৩২) ও পঞ্চগড় সদর উপজেলার জাকির হোসেন। মৃত অন্য যুবকের (২৫) পরিচয় জানা যায়নি।শনিবারের ওই দুর্ঘটনায় এখনো ট্রলারের তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে তাঁদের স্বজনেরা জানিয়েছেন। তাঁরা ঢাকার কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকার মো. সালাউদ্দিন (২২) ও কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানি এলাকার আবদুর রহমান (২৫) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার মমতাজ বেগম (৫৫)।দক্ষিণ কেরানীগঞ্জ থানার নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, গতকাল সকাল নয়টার দিকে বুড়িগঙ্গা নদীর পাগলা এলাকা থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। অজ্ঞাত পরিচয়ের লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ট্রলার দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটির সদস্যরা গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে বুড়িগঙ্গা নদীর দ্বিতীয় সেতুর কাছে কামরাঙ্গীরচর যাওয়ার পথে বালুরঘাট এলাকায় একটি বালুবাহী ভলগেটের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। নিবন্ধনহীন ওই ট্রলারটির মালিক কামরাঙ্গীরচরের সুলতানগঞ্জ ইউনিয়নের মো. সোহাগ।