বুড়িগঙ্গায় ডুবে দুই বোনের মৃত্যু
পুরান ঢাকার সোয়ারীঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে নদীর পানিতে ডুবে যায় ছোট বোন রেয়া আক্তার (৮)। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বড় বোন কেয়া আক্তারও (১০)। এরপর দুজনেই পানিতে তলিয়ে যায়। দুই বোনের মধ্যে কেয়া আরমানিটোলা নিউ গভর্নমেন্ট স্কুলের তৃতীয় শ্রেণীতে আর রেয়া মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পড়ত। এ দুই বোনের আরেক বোন ১৯৯৮ সালে বাসার ভেতরেই বন্যার পানিতে ডুবে মারা যায়।এলাকাবাসীরা জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সোয়ারীঘাটের ছোট কাটরার বাসা থেকে নদীতে গোসল করতে যায় রেয়া ও কেয়া। রেয়া নেমেই তলিয়ে যায়। তাকে বাঁচতে ঝাঁপ দেয় কেয়া। এরপর সে-ও পানিতে ডুবে যায়। বুড়িগঙ্গা ঘাটে থাকা অপর এক শিশু দৌড়ে গিয়ে কেয়াদের বাসায় এ সংবাদ জানায়। দুই শিশুর মা আছিয়া ও আশপাশের লোকজন নদীতে তল্লাশি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে আধঘণ্টা তল্লাশির পর দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে।দুই শিশুর মৃতদেহ প্রথমে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা রেয়া ও কেয়াকে মৃত ঘোষণা করেন।চিকিৎসকের অনুমতি নিয়ে স্বজনেরা দুই বোনের লাশ পুরান ঢাকার বেগম বাজারের কে আজম লেনে নিয়ে যায়। এ লেনে পরিবারটি ২৫ বছর ছিল। মাত্র দুই মাস আগে তারা ছোট কাটরায় বাসা ভাড়া নেয়। আছিয়া বলেন, ‘আমার কলিজার টুকরো ফিরাইয়া আইন্যা দাও, ওগো ছাড়া আমি বাঁচুম না।’ তাঁর এ কান্না শুনে সবার চোখে ভিজে আসে।দুই সন্তান হারিয়ে শিশুদের বাবা প্লাস্টিক কারখানার শ্রমিক মোসলেম মিয়া শোকে পাথর হয়ে গেছেন। তিনি বলেন, পারিবারিক অশান্তির কারণে তিনি কারখানায় থাকতেন। বাসায় থাকলে একসঙ্গে দুটি সন্তানকে হারাতে হতো না।মৃত শিশুর মামা কবির হোসেন বলেন, গতকাল হরতাল থাকায় রেয়া ও কেয়া স্কুলে যায়নি। তারা ভাড়া বাসার বাথরুমে গোসল করত। গতকাল সকালে ওর মাকে কিছু না বলে দুজন বুড়িগঙ্গায় যায়। সাঁতার না জানায় তারা ডুবে মারা যায় বলে তিনি জানান।জানা গেছে, তিন মেয়ের মৃত্যুর পর মোসলেম-আছিয়া দম্পতির চার ছেলে ও এক মেয়ে রয়েছে। মোসলেম মিয়া সম্প্রতি আরেকটি বিয়ে করেছেন।গতকাল বেগমবাজার মসজিদের জানাজা শেষে শিশু রেয়া ও কেয়ার লাশ নগরের আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।