বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সেটি উদ্ধার করা হয়। তবে হতাহত ব্যক্তিদের ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।
গতকাল সোমবার রাত ১২টার সময় রাজধানীর ওয়াইজঘাট থেকে ট্রলারটি কেরানীগঞ্জের আগানগর ব্রিজঘাটে যাচ্ছিল। মাঝপথে সেটি ডুবে যায়।
কেরানীগঞ্জ থানার নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হোসেনের ভাষ্য, রাত থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি ও নৌ পুলিশ উদ্ধারকাজ করছে। এখনো উদ্ধারকাজ চলছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে তিনি জানান, ট্রলারটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল।
এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেছিলেন, ট্রলারটিতে ১০০ জন যাত্রী ছিল।