
চাঁদপুর থেকে লঞ্চে বাবার সঙ্গে ঢাকায় আসছিল সুমন, প্রথমবারের মতো। পাগলা পেরোনোর পর সুমন বলছিল, ‘বাবা, কিসের এত দুর্গন্ধ?’
বাবা বললেন, ‘রেডি হও, ঢাকা এসে গেছে।’

সম্প্রতি বুড়িগঙ্গা নদীর ধারে সুমনের বাবা মাহতাব উদ্দিনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি ঢাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। থাকেন ওয়ারী এলাকায়। মাহতাব উদ্দিন জানান, আহসান মঞ্জিলে বেড়াতে নিয়ে গিয়েছিলেন ছেলেকে। পরে নদীর পাড়ে ঘুরতে গিয়ে পানি দেখে আঁতকে উঠেছিল সুমন। বাবার কাছে তার প্রশ্ন ছিল, ‘বুড়িগঙ্গার পানির রং কি আলকাতরার মতো হয়? আমাদের নদীর (চাঁদপুরের ডাকাতিয়া) পানির রং তো এমন নয়?’

বাবুবাজার, বাদামতলী, কামরাঙ্গীরচর, ইসলামবাগ, শহীদনগর, শ্যামপুর, শ্যামবাজার, হাসনাবাদ, কালীগঞ্জ—প্রথম আলোর আলোকচিত্রীরা বুড়িগঙ্গাপাড়ের যেখানেই ছবি তুলতে গেছেন, সেখানেই পানির এই অবস্থা। চারদিকে বাতাসে দুর্গন্ধ। ট্যানারি, ডায়িং, টেক্সটাইলসহ বিভিন্ন কারখানার বর্জ্য নদীর পানিতে মিশে এই দশা হয়েছে।

হাজারীবাগের ট্যানারির মতো বুড়িগঙ্গার ধারে রয়েছে টেক্সটাইল, ডায়িংসহ ছোট-বড় দুই হাজারের বেশি কারখানা। শ্যামপুরেই রয়েছে ৪২টি বড় ডায়িং কারখানা। হাজারীবাগ থেকে ট্যানারি সরানোর পাশাপাশি এগুলোর দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা চলছে এক বছরের বেশি সময় ধরে। কিন্তু কার্যত কিছু হচ্ছে না।

নদী রক্ষার কাজে যুক্ত সংগঠন ওয়াটার কিপারস বাংলাদেশের সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতা শরীফ জামিল বলেন, ডায়িং কারখানাসহ অন্য শিল্পকারখানার বিরুদ্ধে সমন্বিত উদ্যোগের কথা বারবার বলা হচ্ছে। কিন্তু বিষয়টি সরকারি সংস্থা আমলে নিচ্ছে না।
পরিবেশ অধিদপ্তরও স্বীকার করেছে, ডায়িংসহ বিভিন্ন শিল্পকারখানা নদীদূষণের জন্য বড় ভূমিকা রাখছে। অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর বলেন, কেবল শ্যামপুরে অভিযান চালিয়ে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন সময় আরও হচ্ছে। কিন্তু সমন্বিত উদ্যোগের অভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভিন্ন শিল্পকারখানার প্রায় ১ লাখ ২০ হাজার ঘনমিটার বর্জ্য বর্তমানে নদীতে যাচ্ছে। এ ছাড়া রাজধানীর ১৪ লাখ ঘনমিটারের বেশি পয়োবর্জ্যের মধ্যে ৩০ শতাংশ মাত্র শোধন হচ্ছে। বাকি বর্জ্য যাচ্ছে বুড়িগঙ্গা ও অন্য নদীতে।
সাত বছর আগে ২০০৯ সালে শিল্পকারখানায় পরিশোধন যন্ত্র (ইটিপি) বসানো বাধ্যতামূলক করেছিল শিল্প অধিদপ্তর। কিন্তু এখন পর্যন্ত হাতে গোনা কিছু কারখানায় ইটিপি রয়েছে বলে দাবি করেছে পরিবেশ অধিদপ্তর সূত্র। আবার যেগুলোতে বসানো হয়েছে, সেগুলো বেশির ভাগ সময় বন্ধ থাকছে।

বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-২-এর নিচে ঘন কালো পানি। সেতুর ওপর থেকেই বোঝা গেল, নদীর ভয়াবহ অবস্থা। বাবুবাজার, বাদামতলীর বারোয়ারি বর্জ্যের তরল রূপ। সেতুর নিচে পচা ফল কুড়াচ্ছিল পথকলি এক শিশু। বলল, অনেক সময় এই ফল খেতে গেলেও আড়তের কর্মচারীরা তাড়া করে।
কামরাঙ্গীরচর এলাকায় ৪০ বছর ধরে খেয়ানৌকা চালান বৃদ্ধ আমির হোসেন। তিনি বললেন, আগে এই নদীর পানি পান করা যেত। এখনো বুড়িগঙ্গাই তাঁর রুটিরুজির দিশা।
পরিবেশ অধিদপ্তর বলছে, নদীর প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৪ দশমিক ৫০ মিলিগ্রাম থাকার কথা। কিন্তু তা এই মুহূর্তে শূন্যের কোঠায় নেমে এসেছে।
অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর প্রথম আলোকে বলেন, বুড়িগঙ্গার বিভিন্ন পয়েন্ট থেকে সংগ্রহ করে পানির সর্বশেষ পরীক্ষায় দেখা যায়, এই মুহূর্তে (শুকনো মৌসুম) পানিতে দ্রবীভূত অক্সিজেন শূন্য। বর্ষা মৌসুমে এই মাত্রা কিছুটা বেশি ছিল।
খোঁজ নিয়ে জানা যায়, বাবুবাজার, বাদামতলী, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, রহমতগঞ্জ, শহীদনগর, শ্যামবাজার, হাসনাবাদসহ বেশ কিছু এলাকায় জলজ প্রাণীও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। নদীর পানি ব্যবহারকারী অনেক মানুষকে চর্মরোগে ভুগতে হচ্ছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক পানি বিশেষজ্ঞ মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি সরানো হলে নদীদূষণ কিছু কমবে, কিন্তু অন্য শিল্পকারখানাগুলোর বিষয়েও ব্যবস্থা নিতে হবে। ওয়াসা যা-ই বলুক, বিভিন্নভাবে ওয়াসার নর্দমা দিয়েই নদীতে পয়োবর্জ্য আসছে। সার্বিকভাবে দূষণ কমানো না গেলে নদীর পানি দূষিতই থেকে যাবে। বড় বড় শিল্পকারখানায় কার্যকরভাবে ইটিপি চালু রাখা এবং ছোট শিল্পকারখানাগুলোকে অন্যত্র পুনর্বাসিত করা উচিত।