ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু থেকে নারায়ণগঞ্জের পাগলা পর্যন্ত পাঁচ কিলোমিটার নদীপথে গতকাল শনিবার ভোর ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময়ে সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়েনি। চাঁদপুর থেকেও ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছাড়েনি। এত দীর্ঘ সময় নৌযান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে সদরঘাটে দেশে তৈরি প্রথম যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালি উদ্বোধন করেন। পরে বেলা ১১টার দিকে ওই জাহাজে করেই তিনি চাঁদপুরের উদ্দেশে রওনা হন এবং সেখান থেকে বিকেল পাঁচটার দিকে সদরঘাটে ফিরে আসেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যই সকাল থেকে ওই পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, গতকাল ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে দক্ষিণাঞ্চল থেকে ৩৭টি নৌপথের ৪০টি যাত্রীবাহী লঞ্চ ঢাকায় পৌঁছায়। তবে এসব লঞ্চ সদরঘাট টার্মিনালে না ভিড়িয়ে অন্যত্র যাত্রী নামিয়ে দেয়। আর ভোর ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সদরঘাট টার্মিনাল এলাকা থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। এ কারণে নদীপথের যাত্রীরা নৌযান না পেয়ে টার্মিনালের আশপাশ এলাকার রাস্তাগুলোতে মালামাল ও পরিবার-পরিজন নিয়ে বসে থাকে। এ ছাড়া বুড়িগঙ্গা নদীর বাবুবাজার থেকে পাগলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় নদীর উভয় পারের অর্ধশতাধিক খেয়াঘাটের নৌকা চলাচলও বন্ধ ছিল।
কামরাঙ্গীরচরের মাতবর বাজার থেকে ট্রলারযোগে বেতকুনির উদ্দেশে রওনা হন মো. হাবিব। তিনি প্রথম আলোকে বলেন, ‘বেলা একটার দিকে বাবুবাজার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর কাছে এলে পুলিশ আমাদের যেতে বাধা দেয়।’
চাঁদপুর থেকেও গতকাল দিনের বেলা ঢাকা বা নারায়ণগঞ্জের উদ্দেশে লঞ্চ ছাড়েনি। হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে হাজার হাজার লঞ্চযাত্রী। এমভি রাসেল নামের একটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও তাকে পনুরায় চাঁদপুর পাঠিয়ে দেয়।
জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখার বিষয়ে লঞ্চমালিকদের চিঠি দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়।