বুড়িগঙ্গায় নৌকা ডুবে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পাগলায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে সজীব দাস পোদ্দার (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন তাঁর এক বন্ধু।গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।সজীব পাগলার নন্দলালপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দাস পোদ্দারের ছেলে। তাঁদের বাড়ি নন্দলালপুরে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ছয়টার দিকে পাগলা খেয়াঘাট থেকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে সজীব ও তাঁর ১০-১২ জন বন্ধু ভ্রমণে বের হন। বুড়িগঙ্গা নদীর মাঝামাঝি কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকায় পৌঁছানোর পর একটি যাত্রীবাহী লঞ্চের ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে ডুবে যায়। এতে নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সজীব ও তাঁর বন্ধু নন্দলালপুরের আবদুল মতিন মাস্টারের ছেলে শফিকুল ইসলামকে (২৩) পাওয়া যাচ্ছিল না। পরে ঢাকা সদরঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পাগলা কোস্টগার্ডের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে সজীবের লাশ উদ্ধার করে।ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নৌ পুলিশ ফাঁড়ির হাবিলদার মো. হারুন গতকাল রাত ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘নিখোঁজ শফিকুলের সন্ধানে সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১২টা পর্যন্ত নদীতে তল্লাশি চালায়। কাল (আজ শনিবার) সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হবে।’