বুড়িগঙ্গায় নৌকাডুবিতে আরও দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে সোমবার সন্ধ্যায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় গতকাল মঙ্গলবার ভোর রাতে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন তোফাজ্জল (৪০) ও মতিউর রহমান (৩০)। এর আগে সোমবার রাতে নিহত ব্যক্তিদের ভাতিজি ফারজিয়ার (৭) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কলেজছাত্রী সোমা নিখোঁজ রয়েছে। জানা যায়, সোমবার সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীর লালকুঠি ঘাট এলাকায় সদরঘাট থেকে ছেড়ে আসা একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দিলে এটি ডুবে যায়। নিহত ব্যক্তিরা রাজধানীর সূত্রাপুরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে নৌকায় করে কেরানীগঞ্জের চরকালীগঞ্জের বাড়িতে ফিরছিলেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, নিহত তোফাজ্জল ও মতিউর দুই ভাই। ফারজিয়া তাঁদের ভাতিজি। ফারজিয়ার বাবা ফিরোজ মিয়া তাদের তিনজনের অভিভাবক হিসেবে লাশগুলো গ্রহণ করেছেন। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।