বুড়িগঙ্গায় নৌকাডুবিতে দুজনের মৃত্যু, বিক্ষোভ
পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে গতকাল সোমবার সকালে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন নৌকার মাঝি জসিম উদ্দিন (৩৭) ও যাত্রী রমজান হোসেন (৩২)। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ওই এলাকায় নদীর দুই তীরে কয়েক শ মানুষ বিক্ষোভ করে। বিক্ষোভকারী ব্যক্তিরা বুড়িগঙ্গা নদীর মাঝখানে অবরোধ সৃষ্টি করে শতাধিক নৌযান আটক করেন।কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক রজব আলী জানান, কেরানীগঞ্জের জিনজিরা ঘাট থেকে সোয়ারীঘাটগামী একটি যাত্রীবাহী নৌকাকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি বালুবাহী বার্জ ধাক্কা দিলে নৌকাটি মাঝনদীতে ডুবে যায়। নৌকাটিতে পাঁচজন যাত্রী ছিলেন। চারজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও নৌকার মাঝি জসিম উদ্দিন ও যাত্রী রমজান ডুবে যান। পরে তাঁদের লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রমজানের লাশ ভেসে ওঠার পর তাঁর আত্মীয়স্বজন ও এলাকাবাসী নদীর দক্ষিণ তীরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। কামরাঙ্গীরচরের বাসিন্দারাও বিক্ষোভে যোগ দেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ১০/১২টি ট্রলার ও নৌকা নিয়ে বুড়িগঙ্গা নদীর মধ্যে অবরোধ সৃষ্টি করে। এ সময় বিক্ষোভকারীরা শতাধিক বলগেট, কার্গোজাহাজ, মালবাহী জাহাজ ও ইঞ্জিনচালিত নৌকা আটক করে নদীর দুই তীরে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কার্গোমালিক সমিতি ও মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।