বুড়িগঙ্গায় নৌকাডুবিতে শিশুর মৃত্যু, দুই জন নিখোঁজ
সূত্রাপুরের লালকুঠি ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে গতকাল সোমবার সন্ধ্যায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক শিশু মারা গেছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে। নৌকার যাত্রীরা সূত্রাপুরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কেরানীগঞ্জের কালীগঞ্জের বাড়িতে ফিরছিল।দুর্ঘটনার পর নৌকার যাত্রী ফারদিয়া আক্তারকে (৭) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কলেজছাত্রী সোমা (১৮) ও বিদ্যুৎ (৩০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। নৌকাডুবির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন কাজী জোবায়ের (৩২), তাঁর স্ত্রী সুমি আক্তার (২৩), তাঁদের ছয় মাসের মেয়ে সারা, জোবায়েরের স্ত্রীর বড় বোন রুমা বেগম (২৬) ও শাশুড়ি আয়েশা বেগম (৪৫)। এদের মধ্যে সুমি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহত ব্যক্তিরা জানান, কেরানীগঞ্জের কালীগঞ্জের কাজী জোবায়েরের বোনের বিয়ের অনুষ্ঠান ছিল সূত্রাপুরের একটি কমিউনিটি সেন্টারে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জোবায়ের তাঁর স্ত্রী ও মেয়েসহ আট আত্মীয়কে নিয়ে একটি ডিঙি নৌকায় লালকুঠি ঘাট থেকে কেরানীগঞ্জে যাচ্ছিলেন। এ সময় রাসেল-১ নামের একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার পাঁচ যাত্রী সাঁতরে ও স্থানীয় লোকজনের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও তিনজন ডুবে যায়। কিছুক্ষণ পর শিশু ফারদিয়া ভেসে ওঠে।