বুড়িগঙ্গায় নৌকাবাইচ

বুড়িগঙ্গা নদীতে গতকাল শুক্রবার ইনডেক্স ৪১তম জাতীয় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বাইচ দেখতে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ, মিরেরবাগ, দোলেশ্বর, পোস্তগোলা, আলীনগর, শ্যামপুর এলাকাসহ দূরদূরান্ত থেকে হাজারো মানুষ নদীর দুই পাড়ে জড়ো হন।
বাংলাদেশ রোয়িং ফেডারেশনের উদ্যোগে ইনডেক্স গ্রুপের সহযোগিতায় দুপুরে বাইচ শুরু হয়। পাগলা ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা এলাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুসংলগ্ন আরই ব্যাটালিয়ন জেটির সামনে বাইচ শেষ হয়।
বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন ইনডেক্স গ্রুপের সিইও শফিউল্লাহ আল মুনীর। তিনি বলেন, ‘নদ-নদী নিয়েই আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের নদ-নদীসহ বুড়িগঙ্গা রক্ষায় সবাইকে এগিয়ে আসা উচিত। এসব নদী রক্ষার ক্ষেত্রে শুধু সরকার নয়, সব মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।’
বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইনডেক্স গ্রুপের চেয়ারম্যান জাকিয়া তাজিন, জিকে বিল্ডার্সের চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাইচ দেখতে আসা রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা সোলায়মান মৃধা বলেন, ‘ঢাকার ঐতিহ্য বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। এ জন্য সরকারকে নদী দখল ও দূষণমুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বুড়িগঙ্গাকে রক্ষা করতে না পারলে এই ঐতিহ্য হারিয়ে যাবে।’
প্রতিযোগিতায় ৭ মাঝির পুরুষ, ৭ মাঝির নারী, ২৫ মাঝির কোষা নৌকা, ৫০ মাঝির সারেঙ্গি নৌকা, ৫০ মাঝির বাচারী নৌকাসহ অর্ধশতাধিক নৌকা অংশ নেয়।
৭ মাঝির নারী দলে আনসার ও ভিডিপির দল প্রথম, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা দ্বিতীয়, আলীনগর রোয়িং ক্লাব তৃতীয় হয়। পুরুষ ৭ মাঝির দলে আনসার মাঝিমাল্লা সমিতি প্রথম, আলীনগর রোয়িং ক্লাব দ্বিতীয় ও বরিশাল রোয়িং ক্লাব তৃতীয় হয়।
কোষা ২৫ মাঝির দলে মুন্সিগঞ্জের আনজর আলীর দল প্রথম, নারায়ণগঞ্জের মফিজুল মিয়ার দল দ্বিতীয়, মুন্সিগঞ্জের নূরে আলমের দল তৃতীয় হয়।
সারেঙ্গি ৫০ মাঝি নৌকায় ব্রাহ্মণবাড়িয়ার ওসমান উল্লাহর দল প্রথম, নুর ইসলাম মিয়ার দল দ্বিতীয় ও বাসু মিয়ার দল তৃতীয় হয়। ৫০ মাঝি নৌকায় মাদারীপুরের সঞ্জয় ভক্তের দল প্রথম, গোপালগঞ্জের রোজিওর দল দ্বিতীয় ও মাদারীপুরের বিকাশের দল তৃতীয় হয়।