বুড়িগঙ্গায় ভাসমান জেনারেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদীতে এভাবে অবৈধভাবে ভাসমান স্থাপনা তৈরি করে তার ওপর বসানো হয়েছে জেনারেটর l ছবি: আশরাফুল আলম
বুড়িগঙ্গা নদীতে এভাবে অবৈধভাবে ভাসমান স্থাপনা তৈরি করে তার ওপর বসানো হয়েছে জেনারেটর l ছবি: আশরাফুল আলম

বুড়িগঙ্গা নদীতে ছোট আকারের ভাসমান অবৈধ স্থাপনা তৈরি করে চলছে অনুমোদনহীন জেনারেটরের রমরমা ব্যবসা। নদীর তীরে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর নাগরমহল ঘাট, পূর্ব আগানগর, আলম মার্কেট গুদারাঘাট ও চর কালিগঞ্জঘাট এলাকায় পাঁচটি ভাসমান স্থাপনায় কমপক্ষে ২৫টি জেনারেটর বসানো হয়েছে। এসব জেনারেটরে ব্যবহৃত জ্বালানি তেলে দূষিত হচ্ছে নদীর পানি।
খোঁজ নিয়ে জানা গেছে, বুড়িগঙ্গা নদীর তীরে পূর্ব আগানগর নাগরমহল ঘাট এলাকায় জাকির হোসেন ও মিলন মিয়া দুটি ভাসমান স্থাপনায় অবৈধভাবে জেনারেটর বসিয়ে ব্যবসা চালাচ্ছেন। এ ছাড়া পূর্ব আগানগর, আলম মার্কেট গুদারাঘাট এলাকায় আলমনগর ড্রিম বার্জ ভাসমান পন্টুনে এবং চর কালিগঞ্জ গুদারাঘাট এলাকায় ছোট ছোট ভাসমান স্থাপনায় বানিয়ে তার ওপর জেনারেটর বাসিয়ে নদীর ওপর দিয়ে তার টেনে তীরবর্তী বিভিন্ন দোকান ও কারখানায় সংযোগ দেওয়া হয়েছে।
নদীতে এসব ভাসমান স্থাপনায় জেনারেটর চালানোর ফলে প্রতিদিন কমপক্ষে ৪ থেকে ৫ টন জ্বালানি তেলের বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। এতে দূষিত হচ্ছে বুড়িগঙ্গার পানি। এ ছাড়া ভাসমান স্থাপনার কারণে নদীর তীরের বেশ কিছু জায়গা দখল হয়ে রয়েছে। ফলে নদী দিয়ে নৌ চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ব আগানগর ও চর কালিগঞ্জঘাট এলাকার একাধিক পোশাক ব্যবসায়ী জানান, জাকির হোসেন, মিলন মিয়া, মনির হোসেন চান মিয়া, জামাল মিয়া, হবি মিয়া, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেনসহ বেশ কয়েকজন ব্যক্তি কয়েক বছর ধরে অবৈধভাবে ভাসমান স্থাপনায় জেনারেটর ব্যবসা চালাচ্ছেন। জেনারেটর ব্যবসায়ী মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘পূর্ব আগানগর আলম মার্কেট গুদারাঘাট এলাকায় চান মিয়ার মালিকানাধীন ভাসমান স্থাপনায় আমার জেনারেটর রয়েছে। সরকারি অনুমতি নিয়েই আমরা জেনারেটর ব্যবসা চালাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক জাকির জেনারেটরের এক কর্মচারী বলেন, ‘আমি এখানে জেনারেটরের মেশিন চালাই। নদীর তীরে কমপক্ষে ২৫টি ছোট-বড় জেনারেটর মেশিনের ব্যবসা চলছে।’
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, ‘আমার জানামতে ইস্পাহানী জেনারেটর নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে বিআইডব্লিউটিএ অনুমোদন দিয়েছে। অন্যদের অনুমতি দেওয়া হয়নি।’