বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচরে আজ শনিবার সকালে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে একই পরিবারের তিনজনসহ ওই ট্রলারের পাঁচ যাত্রী নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। তাঁদের স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিখোঁজ যাত্রীরা হলেন: সেলিম খান, তাঁর মেয়ে মৌসুমী আক্তার ও ছেলে ইমন খান; আবদুল কাদির ও সেলিম মিয়া। সেলিম খানের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায়। আর আবদুল কাদিরের বাড়ি মুন্সিগঞ্জের পশ্চিম মোক্তারপুরে। নিখোঁজ সেলিম মিয়ার ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল ছয়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর রাধানগর ঘাট থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার একই উপজেলার ডিক্রিচর ঘাটে যাচ্ছিল। নদীর মাঝামাঝি অবস্থানে পৌঁছালে একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে গেলে পাঁচ যাত্রী নিখোঁজ হন। অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। তবে লঞ্চের ধাক্কায় এদের মধ্যে ১০ যাত্রী আহত হওয়ায় তাঁদের নারায়ণগঞ্জ শহরের স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ জানায়, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালাচ্ছে। বিকেল চারটা পর্যন্ত কারও সন্ধান মেলেনি।
ট্রলারযাত্রী লুৎফা বেগম প্রথম আলোকে বলেন, তিনি নারায়ণগঞ্জের রাধানগরে একটি ওরসে যোগ দিতে গিয়েছিলেন। ওরস শেষে সেখান থেকে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর মতো ট্রলারের অনেক যাত্রীই ওরস শেষে বাড়ি ফিরছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে থানা-পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।