বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারের এক যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ঘাটে এই দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ যাত্রীর নাম দুদু মিয়া (৫৫)। তিনি পেশায় কসাই। তিনি ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকার বাছের মিয়ার ছেলে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ফতুল্লার বক্তাবলী ঘাটে ৮/১০ জন যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি যাওয়ার সময় যাত্রীবাহী এক লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ট্রলারে থাকা সব যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন দুদু মিয়া নামের এক যাত্রী। 
খবর পেয়ে আজ দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। বেলা আড়াইটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলারটিও শনাক্ত করা যায়নি।