বুড়িগঙ্গায় ১১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশ ও নদীতীরে অভিযান চালিয়ে ১১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের পাঁচটি টিনশেডের ক্লাবঘর, জাতীয় শ্রমিক পার্টির একটি ক্লাবঘর, বাণিজ্যিকভাবে ব্যবহূত জেনারেটর রাখার ১১টি টংঘর ছিল। উচ্ছেদকালে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কোনো কোনো দখলদার নোটিশের মাধ্যমে কিছু সময় পেলে নিজেদের উদ্যোগেই স্থাপনা সরিয়ে নিতেন বলে জানান।গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান চলে। অভিযানস্থল ছিল চরকালীগঞ্জ তেলঘাট থেকে জিঞ্জিরা ফেরিঘাট পর্যন্ত। উচ্ছেদের আগে যথারীতি মাইকিং করা হয়।শুরুতেই চরকালীগঞ্জে কিছু টংঘর উচ্ছেদ করা হয়। ১১টি টংঘরে জেনারেটর রাখা ছিল। জেনারেটর সরানোর জন্য তাদের কিছু সময় দেওয়া হয়।তার পরও পূর্ব আগানগর এলাকায় গড়ে ওঠা জিসান জেনারেটরের টংঘরটি উচ্ছেদকালে প্রতিষ্ঠানের পরিচালক মো. জনি বলেন, উচ্ছেদের আগে থেকে জানানো হলে তাঁদের জন্য সুবিধা হতো। তবে গত মঙ্গলবারই এলাকায় অভিযানের কথা প্রচার করা হয়েছে বলে অভিযানকারী দলের পক্ষ থেকে জানানো হয়। তেলঘাট এলাকায় জাতীয় পার্টির সংগঠন জাতীয় শ্রমিক পার্টির কার্যালয়টি উচ্ছেদ করতে গেলে স্থানীয় শ্রমিক পার্টির নেতা আবুল মিয়া জানান, সময় পেলে নিজ দায়িত্বে কার্যালয়টি সরিয়ে নিতেন। অভিযানে অংশ নেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসূলুল কাদের। প্রথম আলোকে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ রক্ষাকল্পে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। নদীপাড়েন সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে। পরে নদীর সীমানা নির্ধারণ করা হবে। অভিযান পরিচালনার সময় বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) শফিকুল হক, যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম, যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন, উপপরিচালক মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক এহেতেশামুল পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. সাইফুল ইসলাম বলেন, এবারের অভিযান তালিকায় ২২৫টি অবৈধ স্থাপনা রয়েছে। এগুলো উচ্ছেদের পর আবার যাতে গড়ে উঠতে না পারে, সেদিকে লক্ষ রাখা হবে।