বুড়িগঞ্জ-দামগাড়া ৩ কি.মি. সড়কে ২০০ গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ থেকে দামগাড়া তিন কিলোমিটার সড়কে প্রায় ২০০ গর্তের সৃষ্টি হয়েছে। নির্মাণের নয় বছরের মধ্যে এ সড়কে কোনো সংস্কার হয়নি। এতে দুর্ভোগে পড়েছে চলাচলকারীরা।সরেজমিন দেখা গেছে, সড়কের অধিকাংশ স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সড়কে চলতে গিয়ে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে। একটু বৃষ্টিতেই গর্তে পানি জমে যায়। তখন ভারী যানবাহন চলাচল দূরে থাক; ভ্যান-রিকশা, সাইকেল এমনকি হেঁটে যাতায়াত করাও সমস্যা।ছাতুয়া গ্রামের আজিজুল ইসলাম (৪০) জানান, সড়কের এ অংশে প্রায়ই যানবাহনের চাকা দেবে যাচ্ছে। তখন যাত্রীরাই নেমে সে যানকে টেনে তোলে। অনেক সময় গ্রামবাসীকেও এ কাজে সহযোগিতা করতে হয়। উপজেলার দামগাড়া গ্রামের ভটভটিচালক খায়রুল ইসলাম (৩৫) জানান, এ সড়কে চলতে গিয়ে এক মাসে তাঁর তিনবার ভটভটি উল্টে গেছে। এখন সড়কটির অবস্থা এতটাই করুণ যে মৃত্যুঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। বুড়িগঞ্জ গ্রামের কৃষক আবু সুফিয়ান (৪৫) বলেন, ১ মার্চ এ সড়কে ভটভটি দুর্ঘটনায় তিনিসহ ছয়জন আহত হন। এ রকম দুর্ঘটনা হরহামেশা ঘটে থাকে। তালতলা যুব উন্নয়ন সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা মোহসীন আলী (৪৮) জানান, সড়কটি বিধ্বস্ত হয়ে গেছে। সড়কে চলাটা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বুড়িগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, সড়কটির অবস্থা যারপরনাই খারাপ। সংস্কার করার জন্য বারবার বিভিন্ন জায়গায় ধরনা দেওয়া হয়েছে। অথচ সংশ্লিষ্ট ব্যক্তিরা সংস্কারের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না। মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী জানান, তাঁর ইউনিয়নের বেশির ভাগ মানুষ ওই সড়ক দিয়ে চলাচল করে।উপজেলা প্রকৌশলী শামসুল আলম জানান, চলতি অর্থবছরে আর কাজ করা সম্ভব নয়, তবে আগামী অর্থবছরে সড়কটির সংস্কারকাজ করা হবে। এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, ‘সড়কটির করুণ অবস্থার কারণে ওই এলাকার জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে, এটা ঠিক। আমি চেষ্টা করব, যত দ্রুত সম্ভব সড়কটি যেন সংস্কার করা যায়।’