বুড়িচং মুরাদনগর বরিশালে পানিতে ডুবে এক নারী ও পাঁচ শিশুর মৃত্যু
কুমিল্লার বুড়িচং ও মুরাদনগর উপজেলায় পুকুর ও নদীতে ডুবে চার শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালে কীর্তনখোলা নদীতে ডুবে মারা গেছে আরও এক শিশু। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামে পুকুরে ডুবে জাহিদ (১০) ও নাহিদ (৮) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। শিশু দুটি ডায়মন্ড ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী জসিম উদ্দিনের ছেলে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাহনেওয়াজ জানান, শিশু দুটি তাদের ফুপা বাচ্চু মিয়ার বাড়িতে বেড়াতে এসে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে দুপুরে সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাক্ষণপাড়া) আসনের সাংসদ আবদুল মতিন খসরু ও ব্রাক্ষণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে যান।এদিকে মুরাদনগরে নৌকা ডুবে এক ছেলে ও এক মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে। ঈদের দিন দুপুরে উপজেলার কামালা ইউনিয়নের আছানপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানান, ওই গ্রামের প্রবাসী আবু তাহেরের স্ত্রী ছেনোয়ারা বেগম চট্টগ্রাম থেকে ছেলে ও মেয়েকে নিয়ে বাস থেকে উপজেলার নেয়ামতপুর গ্রামে নামেন। এখান থেকে নৌকায় করে তারা তিতাস নদী দিয়ে আছানপুরে যাওয়ার পথে নৌকা ডুবে যায়। এতে ঘটনাস্থলেই ছেনোয়ারা (৩২), তাঁর ছেলে শাওন (৭) ও মেয়ে জুঁই (৮ মাস) মারা যায়। বরিশালের কীর্তনখোলা নদীতে সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে ডুবে মারা গেছে মো. অভি (১০) নামের এক শিশু। সে নগরের বান্দ রোডের ভাটারখাল বস্তির লাল চানের ছেলে। শিশুটি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত।