বুড়িচংয়ে অস্ত্র-গুলি ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার, গুলিবিদ্ধ ১
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে অস্ত্র, গুলি ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে র্যাবের সদস্যসহ দুজন আহত হয়েছেন। র্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আলভী ফেরদৌস খান জানান, গতকাল মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে শংকুচাইল উত্তরপাড়া এলাকায় পাকা সড়কে দুই ব্যক্তি দুটি বস্তা নিয়ে যাচ্ছিলেন। এ সময় র্যাবের টহল দলের সন্দেহ হলে তারা ওই দুই ব্যক্তিকে দাঁড়াতে বলে। কিন্তু ওই দুজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। র্যাবের সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে শংকুচাইল গ্রামের রবিউল ওরফে রবি নামের একজনের পায়ে গুলি লাগে। পরে তাঁকেসহ রাজাপুর গ্রামের মো. শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিদেশি রিভলবার, দুটি গুলি ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় র্যাবের কনস্টেবল লোকমান হোসেন আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ফেরদৌস আলভী আরও জানান, গ্রেপ্তার হওয়া রবিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বুড়িচং থানায় মামলা হয়েছে।