বুড়িচংয়ে এসএসসি পরীক্ষার্থীর চুল কেটে নিল বখাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার ভবানীপুর এলাকায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর চুল কেটে নিয়েছে সোহাগ মিয়া (২০) নামের এক বখাটে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাধা দিতে গিয়ে ওই ছাত্রীর বাবা ছুরিকাহত হন। ঘটনা ধামাচাপা দিতে এলাকার যুবলীগের নেতারা তত্পর বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুড়িচংয়ের ভরাসার উচ্চবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রী গতকাল সকালে সাধারণ বিজ্ঞান পরীক্ষা দিতে যায়। বাবার সঙ্গে ফেরার পথে ভবানীপুর রাস্তায় ইছাপুরা গ্রামের চা-দোকানদার ওসমান মিয়ার ছেলে সোহাগ কয়েকজন সঙ্গী নিয়ে তাদের পথ রোধ করে। একপর্যায়ে বাবার সামনেই তারা ছাত্রীর চুল কেটে নেয়। এ সময় বাবা বাধা দিতে গেলে বখাটেরা তাঁর হাতে ছুরিকাঘাত করে। স্থানীয় ওষুধের দোকানে তিনি প্রাথমিক চিকিত্সা নেন।পরে ঘটনা ধামাচাপা দিতে বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল যুবক ভরাসার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে যান। এ ব্যাপারে ভরাসার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ বলেন, ‘মেয়েটির চুল কাটার ঘটনা ঘটছে আমার পরীক্ষা কেন্দ্রের বাইরে। যারা ঘটনা ঘটিয়েছে, তাদের পক্ষের লোকজন এসে বিষয়টি মিটমাট করবে বলে আমাকে জানায়। এর মধ্যে যুবলীগের নেতা বিল্লাল হোসেনও ছিলেন।’এ ব্যাপারে গতকাল বিকেলে যুবলীগের নেতা বিল্লাল হোসেনের সঙ্গে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। প্রতিবারই মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ওই ছাত্রীর বাড়িতে গিয়ে দেখা গেছে, তার মাথার এক পাশের চুল পুরোটাই কেটে নেওয়া হয়েছে। সোহাগ তার চুল কাটে বলে সে জানায়। অপমান সইতে না পেরে কেঁদেই চলেছে সে।নাম না প্রকাশ করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সোহাগ প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। সোহাগের উত্পাতের কারণেই এর আগে তার এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি।এ ব্যাপারে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান খান বলেন, থানায় এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।