বুড়িচংয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সদস্য ও বিনদিয়ারচর গ্রামের বাসিন্দা মনির হোসেন মৃধাকে (২৫) কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। গত শনিবার রাত নয়টায় উপজেলার ময়নামতী ইউনিয়নের দেবপুর-তানসার সড়কের মধ্যে ওই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা মনিরের মোটরসাইকেল ও তাঁর সঙ্গে থাকা আড়াই লাখ টাকা নিয়ে যায়। এ ব্যাপারে বুড়িচং থানায় মামলা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনির হোসেন মৃধা শনিবার রাত নয়টায় বাড়ি থেকে আদর্শ সদর উপজেলার সৈয়দপুরে ব্যবসার কাজে যাচ্ছিলেন। তাঁর মোটরসাইকেল দেবপুর-তানসার সড়কে এলে ময়নামতী এলাকার চিহ্নিত সন্ত্রাসী আদনান, রাসেল, সোহাগ, কবিরসহ ১০-১২ জন পথ রোধ করে। ওই সময় তারা মনিরের কাছে থাকা দুই লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তারা মনিরকে কুমিল্লার গোমতী নদীর কাঁঠালিয়ারচর এলাকায় নিয়ে যায়। এরপর তাঁকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করে। ওই ঘটনার এক ঘণ্টা পর পথচারীরা নদীর তীর দিয়ে যাওয়ার সময় মনিরের আর্তচিৎকার শোনে। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর গালে ও চোখে এবং পিঠে কোপের দাগ রয়েছে। এ ব্যাপারে বুড়িচং থানায় মামলা হয়েছে। বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) ও দেবপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। গুরুতর আহত ছাত্রলীগের নেতা মনির হোসেন মৃধা বলেন, ‘সন্ত্রাসীরা আমাকে মৃত ভেবে নদীর তীরে এনে ফেলে যায় এবং মারধর করে। তারা আমার নগদ দুই লাখ ৫০ হাজার টাকা ও মোটরসাইকেল নিয়ে যায়।’প্রসঙ্গত, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে বুড়িচংয়ের ময়নামতী ও সংলগ্ন এলাকায় একের পর এক হত্যা, খুন ও মারামারির ঘটনা ঘটছে।