বুড়িচংয়ে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলার সিন্দুরিয়া রেলসেতুসংলগ্ন লরিবাগ এলাকায় গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মোস্তফা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মোস্তফা ডাকাত দলের সদস্য ছিলেন।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন গতকাল বুধবার সকালে নিজ দপ্তরের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ২১ ফেব্রুয়ারি সিন্দুরিয়া রেলসেতু এলাকায় ডাকাত দল জেলার দেবীদ্বার পৌর এলাকার স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আকাশ ও জাহাঙ্গীর আলম নামে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে পুলিশের দুটি দল লরিবাগ এলাকা দিয়ে মাইক্রোবাসে করে অভিযানে যাচ্ছিল। এ সময় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল রশি দিয়ে মাইক্রোবাসের সামনে ব্যারিকেড দেয়।
এসপি বলেন, মাইক্রোবাসে পুলিশের অবস্থান বুঝতে পেরে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশ তখন শটগানের ২০টি গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পিছু হটতে থাকে। তখন মো. হানিফ (২৬) ও ঈশা খাঁ ওরফে রাজ্জাক (২৮) নামে দুই ডাকাতকে পাইপগান, গুলি, চাপাতি, রামদা, মুখোশসহ আটক করা হয়। এ সময় রেললাইনের পাশেই মো. মোস্তফা নামের এক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন। তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফার বাড়ি ঝিনাইদহ জেলায়।
এসপি বলেন, গোলাগুলির ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আটক ডাকাতদের মধ্যে হানিফের বিরুদ্ধে বুড়িচং ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে থানায় দস্যুতার একাধিক মামলা রয়েছে। মোস্তফার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এ ঘটনায় কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেছেন।