বুড়িচংয়ে বাজারে আগুন, তালাবদ্ধ দোকানে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালাবদ্ধ কাপড়ের দোকানে ঘুমিয়ে ছিল ১২ বছর বয়সী নাজমুল হোসেন ওরফে খোকন। হঠাৎ মাঝরাতে দোকানের ভেতরে আগুন জ্বলে ওঠে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও দোকানটি তালাবদ্ধ থাকায় তাকে আর জীবিত উদ্ধার করা যায়নি। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারে গত শুক্রবার রাতে।

এই অগ্নিকাণ্ডে কংশনগর বাজারের শতাধিক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। টানা ছয় ঘণ্টা অগ্নিনির্বাপক দলের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ব্যবসায়ীদের দাবি, আগুনে আনুমানিক ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া শিশু নাজমুল জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে। ময়নাতদন্ত ছাড়াই গতকাল শনিবার সকালে তার মা লাশ নিয়ে যান। বাজারের ব্যবসায়ীরা নাজমুলের পরিবারকে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

কংশনগর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাজারের কাপড়পট্টিতে আগুনের সূত্রপাত হয়। ওই বাজারের ব্যবসায়ী আলী আহম্মদ ওরফে মোর্শেদ আলমের কাপড়ের দোকান আম্বিয়া বস্ত্রালয়ে নাজমুল ঘুমিয়ে ছিল। খবর পেয়ে কুমিল্লা, মুরাদনগর ও চান্দিনা থেকে অগ্নিনির্বাপক দলের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে বাজারের শতাধিক দোকান পুড়ে যায়। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নেভানোর পর নাজমুলের লাশ উদ্ধার করা হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বলেন, অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

ব্যবসায়ী আলী আহম্মদ দাবি করেন, তাঁর দোকানে বাইরে থেকে নয়, ছেলেটি ভেতর থেকে তালা দিয়ে ঘুমাত। তবে বাজারের ব্যবসায়ী ও নৈশ প্রহরীদের বরাত দিয়ে পুলিশ বলছে, আম্বিয়া বস্ত্রালয়ে বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে বলেন, আলী আহম্মদের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা কয়েলের আগুন থেকে আগুন লেগে থাকতে পারে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ তদন্ত করছে।