কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর হাইস্কুল অ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে কলেজ পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন তিনজন সদস্য। নিয়োগপ্রক্রিয়ায় অস্বচ্ছতা ও লিখিত পরীক্ষায় প্রথম হওয়া প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় তাঁরা পদত্যাগ করেন। গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন পরিচালনা পর্ষদের পদত্যাগ করা সদস্যরা।
কলেজ সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল আবিদপুর হাইস্কুল অ্যান্ড কলেজে বিদ্যালয় শাখায় সহকারী প্রধান শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ছয়জন অংশ নেন। ৩০ নম্বরের পরীক্ষায় ১২ নম্বর পেয়ে প্রথম হন আবিদপুর গাউছুল আজম আবদুল কাদের জিলানী (রহ.) মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল খায়ের মো. সালেহ। ৮ নম্বর পেয়ে দ্বিতীয় হন একই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাহফুজুর রহমান। লিখিত পরীক্ষার পর কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন প্রকাশ্যে ওই ফল ঘোষণা করেন। এরপর তিনি তিনজনকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে তিনজনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। একপর্যায়ে কলেজ পরিচালনা পর্ষদ দ্বিতীয় হওয়া ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ১০ এপ্রিল কলেজ পরিচালনা পর্ষদের তিন সদস্য রফিক উদ্দিন আহমেদ, মো. খোরশেদ আলম খান ও নুরুল ইসলাম পদত্যাগ করেন। কলেজ অধ্যক্ষের কাছে তাঁরা পদত্যাগপত্র দাখিল করেন। এরপরও মো. মাহফুজুর রহমানকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
রফিক উদ্দিন আহমেদ ও মো. খোরশেদ আলম খান এ ব্যাপারে বলেন, ‘নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। লিখিত এবং মৌখিক পরীক্ষা মিলিয়ে আবুল খায়ের মো. সালেহ প্রথম হয়েছেন। পরে ২ নম্বর বাড়তি দিয়ে মাহফুজকে প্রথম করা হয়। আমরা এ ঘটনার প্রতিবাদ করেছি। এতেও কোনো কাজ হয়নি।’ ভুক্তভোগী শিক্ষক আবুল খায়ের বলেন, স্বচ্ছ নিয়োগের স্বার্থে উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করা হোক। অন্যায়ভাবে আমাকে এ পদ থেকে বঞ্চিত করা হয়েছে। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিত আকারে জানিয়েছি।
গতকাল বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদের কাছে ভুক্তভোগী শিক্ষক আবুল খায়ের লিখিত অভিযোগ দেন। জেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখবেন বলে নিশ্চিত করেন।
কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘লিখিত পরীক্ষায় প্রথম হলেই যে কাউকে নেওয়া হবে, তা ঠিক নয়। লিখিত পরীক্ষার সঙ্গে মৌখিক পরীক্ষা ও বিভিন্ন পরীক্ষার সনদের যোগ্যতাসহ সব ধরনের ফল বিবেচনা করে ওই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। ব্যবস্থাপনা কমিটির তিনজন সদস্য পদত্যাগ করেছেন বলে শুনেছি।’ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘দুজনই একই গ্রামের। তরুণ প্রার্থীকেই নেওয়া হয়েছে।’