বুড়িভদ্রার বুকে চাষ হচ্ছে মাছ ও ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের বুড়িভদ্রা নদীর মাত্র এক কিলোমিটার এলাকা ছয় বছরেও খনন করা সম্ভব হয়নি। মামলার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় নদীর বুকের এই এলাকায় চাষ করা হচ্ছে মাছ ও ফসল। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কেশবপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে মরা বুড়িভদ্রা নদীর ২৬ কিলোমিটার খননের উদ্যোগ নেওয়া হয়। ত্রিমোহিনীর কপোতাক্ষ নদ থেকে মঙ্গলকোট পর্যন্ত নদী খনন করা হয়। কিন্তু সাতবাড়িয়া ও মির্জানগর এলাকার কয়েকজন ব্যক্তি নদীর জমি তাঁদের সম্পত্তি দাবি করে খননে বাধা দেন এবং আদালতে মামলা করেন। মামলার কারণে এই এলাকায় নদীর ৫০০ মিটার খনন বন্ধ হয়ে যায়। এ ছাড়া অন্যান্য কারণে আরও ৫০০ মিটার খনন না করে বাকি ২৫ কিলোমিটার খননকাজ সম্পন্ন করা হয়।সরেজমিনে মির্জানগর ও সাতবাড়িয়া এলাকায় দেখা গেছে, খনন না করা এলাকায় নদীর জমিতে ফসল চাষ করা হয়েছে। আবার কোথাও কোথাও ছোট পুকুর রয়েছে। সেগুলোতে মাছ চাষ করা হচ্ছে। মামলাকারী মজিবর রহমান, বদরুদ্দীন গাজী ও আবদুল গনি শেখ দাবি করেন, তাঁদের জমিতে কখনো নদী ছিল না। এই জমির ১৯২৭ এবং ১৯৬২ সালের রেকর্ড রয়েছে। মির্জানগর গ্রামের মাদ্রাসার শিক্ষক শেখ আবদুল মান্নান বলেন, নদীর জায়গা কখনো ব্যক্তিমালিকানার হতে পারে না। তার পরও কেউ কেউ নদীর জায়গা নিজেদের দাবি করছেন। এ কারণে বছরের পর বছর নদী খনন হচ্ছে না। এটা হতে পারে না। চাঁদড়া গ্রামের আতিয়ার রহমান বলেন, ‘ওই জমিতে বিভিন্ন লোক ঘের তৈরি করেছেন, আবার ফসল আবাদ করছেন। সে কারণে প্রতিবছর আমরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হই।’ ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান নূর ইসলাম বলেন, ‘ওই জমিটুকু ব্যক্তিমালিকানায় থাকায় নদী খনন করা সম্ভব হয়নি। এটুকু খনন না হলে কপোতাক্ষ নদের পানির চাপে আমার ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।’পাউবোর উপসহকারী প্রকৌশলী ওবায়দুর রহমান বলেন, ত্রিমোহিনী থেকে কেশবপুর উপজেলা সদরের একটি বড় অংশের পানি নামে বুড়িভদ্রা নদী দিয়ে। খনন সম্পন্ন না হওয়ায় উপজেলার এ অংশটি বন্যার ঝুঁকিতে রয়েছে। পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব বলেন, মামলা জটিলতায় নদী খনন করা তখন সম্ভব হয়নি। ওই মামলাগুলো খারিজ হয়ে গেছে। এখন নতুন করে কোনো তহবিল নেই। তবে ২৬৫ কোটি টাকা ব্যয়ে খুলনার শিবসা নদী থেকে ঝিনাইদহের তাহেরপুর পর্যন্ত কপোতাক্ষ নদ খননের যে প্রকল্প নেওয়া আছে (একনেক বৈঠকে পাশের অপেক্ষায় আছে) তাতে বুড়িভদ্রার এক কিলোমিটার খননের বিষয়টি যুক্ত আছে। পুনরায় মামলা হলে জমি অধিগ্রহণ করে নদী খনন করা হবে।