বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা ঘুরে গেলেন নেপালের রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা গত মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থলবন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে রাষ্ট্রদূত বুড়িমারীতে এসে পৌঁছান। এরপর তিনি বন্দর কার্যালয়ে বন্দরের কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। কাস্টমসের সহকারী কমিশনার আরেফিন জেহাদী, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ, উপজেলার চেয়ারম্যান রুহুল আমিন, আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট বদরুল আলম মজুমদার প্রমুখ রাষ্ট্রদূতের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।মতবিনিময়ের সময় সহকারী কমিশনার আরেফিন জেহাদী বন্দরের বিদ্যামান যাবতীয় সুবিধার বিষয়ে একটি লিখিত প্রতিবেদন রাষ্ট্রদূতকে দেন। তিনি জানান, বর্তমানে বন্দরে দুটি আধুনিক ওয়্যারহাউস আছে, যার ধারণক্ষমতা ৪০০ টন। রাষ্ট্রদূত হরি কুমার জানান, বর্তমানে শুধু রংপুর মেডিকেল কলেজে নেপালের ৮০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাঁরা এ বন্দর দিয়ে নেপালে যাতায়াত করেন। তাঁদের ইমিগ্রেশনের যাবতীয় সুবিধা দেওয়ার জন্য তিনি ইমিগ্রেশন কর্মকর্তাদের অনুরোধ করেন। ব্যবসায়ী বদরুল আলম মজুমদার ও শামীম হোসেন জানান, এ বন্দর দিয়ে নেপালের সঙ্গে আমদানি-রপ্তানি চালু হলে চীনের সঙ্গে ব্যবসার পথ প্রশস্ত হবে।এক ঘণ্টার মতবিনিময় শেষে রাষ্ট্রদূত হরি কুমার দুপুর সাড়ে ১২টার দিকে বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে ভারতে ঢোকেন। এ সময় শূন্যরেখায় বিএসএফের ডিআইজি কে কে গেইল তাঁকে অভ্যর্থনা জানান। এরপর তিনি চ্যাংড়াবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেন। এক ঘণ্টা পর বুড়িমারী চেকপোস্ট দিয়ে তিনি বুড়িমারীতে ঢোকেন এবং সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।