বুড়িমারী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে বিএসবাড়ি সীমান্ত থেকে গত শনিবার ভোরে দুই বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দুই ব্যক্তি হলেন: উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের জোনাব আলীর ছেলে হামিদুল ইসলাম (১৬) এবং একই গ্রামের মনির হোসেনের ছেলে নুরুল ইসলাম (১৭)। তবে বিএসএফ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ভারতের বিএসবাড়ি এলাকার বামনদল সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের কাছ থেকে ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের ধরে নিয়ে যান।বুড়িমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আছির আহম্মেদ বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে লালমনিরহাট ৩১ বর্ডার গার্ড বাংলাদেশের বুড়িমারী ক্যাম্পের কমান্ডার সুবেদার জাবিউল ইসলাম জানান, তিনি দুই বাংলাদেশি আটকের খবরটি জানেন না।