বুড়িমারী-পার্বতীপুর ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট রেল বিভাগের যাত্রী পরিবহনের লোকাল ৪৫৬ নম্বর ট্রেনটি গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।ঘোষণা ছাড়াই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে দিনাজপুর জেলার পার্বতীপুর পর্যন্ত চলাচলকারী এ লোকাল ট্রেনটি বন্ধ হওয়ায় দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী সাধারণ যাত্রীসহ রোগীরা বিপাকে পড়েছেন।লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বুড়িমারী-পার্বতীপুর চলাচলকারী ডাউন ৪৫৬ নম্বর ও আপ ৬৫ নম্বর কমিউটার ট্রেনটির ইঞ্জিন ব্যবহার করে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে পাথর বিছানোর গাড়ি চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এ কারণে শনিবার থেকে ওই ট্রেনটির চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার উত্তম কুমার সরকার বলেন, ‘ট্রেনটি বন্ধের ব্যাপারে আমি কোনো নোটিশ পাইনি। এ ছাড়া এটি আবার চালু হবে কি না, তাও জানি না।’পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক আবদুল হাই বলেন, ‘আপাতত লোকোমোটিভ সমস্যা এবং জনবল সংকটের কারণে ট্রেনটির সময়সূচি বাতিল করা হয়েছে। শিগগিরই আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’