বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে গত শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম বাবুল হোসেন (২৮)। তিনি উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গুচ্ছগ্রামের প্রয়াত জসিম উদ্দিনের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর ভাষ্যমতে, শনিবার রাত ১০টার দিকে বাবুলসহ কয়েকজন বাংলাদেশি গরু আনতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্তে ধরলা নদীর ডান তীরে অপেক্ষা করছিলেন। এ সময় চ্যাংড়াবান্ধা ক্যাম্পের বিএসএফের সদস্যরা বাবুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। পরে বিএসএফের সদস্যরা তাঁর লাশ টেনে-হিঁচড়ে নিয়ে যান।গতকাল রোববার সকালে বাবুলের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁর বৃদ্ধ মা বহিরন নেছা কাঁদছেন। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়েছেন বাবুলের দুই স্ত্রী। ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল তাঁর দুই মেয়ে সোনামণি (২) ও আয়শা সিদ্দিকা (১)। বাবুলকে হত্যার প্রতিবাদ জানিয়ে শনিবার রাতেই বিএসএফকে চিঠি দেয় বিজিবি। গতকাল বেলা দেড়টার দিকে বুড়িমারী জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। লালমনিরহাটে ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান মোহামঞ্চদ সালাহউদ্দিন বলেন, ‘পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানিয়ে বাবুল হোসেনের লাশ ফেরত চওয়া হয়। ময়নাতদন্ত শেষে লাশ ফেরত দেবে বলে জানিয়েছে বিএসএফ।’