বুড়িমারী স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে ভারতীয় পাটবীজ আমদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে ভারতীয় পাটবীজ আমদানির ঘটনায় গত বুধবার বীজবোঝাই দুটি ট্রাক আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে রাজশাহী বিভাগীয় কাস্টমস কমিশনার কার্যালয়ের তিন সদস্যের একটি তদন্ত দল গত বৃহস্পতিবার বুড়িমারী স্থলবন্দরে গিয়ে তদন্ত শুরু করে।বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, মেসার্স এম আর মনি সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট লাইসেন্সের মাধ্যমে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মেসার্স রতন বীজ ভান্ডার ১৫ মেট্রিক টন এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার মেসার্স নবীবুল ট্রেডার্স ২০ মেট্রিক টন ঢেঁড়শবীজ আমদানির জন্য ঋণপত্র খোলেন। কিন্তু প্রতিষ্ঠান দুটি আমদানি-নিষিদ্ধ ভারতীয় পাটবীজ আমদানি করে। গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী কাস্টমস কর্তৃপক্ষ গত বুধবার পাটবীজবোঝাই ভারতীয় ট্রাক দুটি আটক করে। এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ওই দুটি প্রতিষ্ঠানের ৩৫ মেট্রিক টন ভারতীয় পাটবীজ আটক করা হয়েছে। এ ছাড়া পরবর্তী আইনি পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ চাওয়া হয়েছে।