বুড়িমারী স্থলবন্দরে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভাঙচুর চালিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ সময় তাঁদের হামলায় আহত হয়েছেন বন্দরের দুজন কর্মকর্তা। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর এক মতবিনিময় সভাকে কেন্দ্র করে গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে গতকাল দুপুরে স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। এ জন্য প্রতিমন্ত্রী বেলা আড়াইটায় স্থলবন্দরে পৌঁছান। কিন্তু সেখানে মতবিনিময় সভা করার মতো কোনো প্রস্তুতি দেখতে না পেয়ে তিনি স্থলবন্দরের সহকারী কমিশনারের কার্যালয়ে গিয়ে বসেন। তখন সহকারী কমিশনার প্রতিমন্ত্রীকে জানান, মতবিনিময় সভার আয়োজন করার কথা ছিল পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির। কিন্তু তাঁরা কেউই এ ব্যাপারে স্থলবন্দর কর্তৃপক্ষকে কিছু জানাননি। পরে প্রতিমন্ত্রী ক্ষুব্ধ হয়ে সহকারী কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর বেলা তিনটার দিকে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা স্থলবন্দরের কাস্টম অফিসে গিয়ে হামলা চালান। এ সময় স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর কিবরিয়া জলিল ও কাস্টমস কর্মকর্তা শফিকুল ইসলামকে মারধর করা হয়। স্থলবন্দরের সহকারী কমিশনার আমিনুল ইসলাম জানান, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত দুজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানতে চাইলে প্রতিমন্ত্রী মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বুড়িমারী স্থলবন্দরের ঘটনাটি মাইনর, রিপোর্টিং করার মতো কোনো ঘটনা ঘটেনি।’ হামলা-ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।