বুড়িমারীতে অভিযান চালাতে গিয়ে ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় নিষিদ্ধ যন্ত্র (বোমা ও ছয় সিলিন্ডারযুক্ত মেশিন) দিয়ে পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে তোপের মুখে পড়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ওই যন্ত্রের মালিক ও শ্রমিকেরা আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্টেট ও অন্যান্য লোককে অবরুদ্ধ করে রাখেন। একই সময় তাঁদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পিয়ন আহত হন।এ ঘটনার দুই ঘণ্টা পর পুলিশসহ পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. মুসা একদল পুলিশ নিয়ে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরিফুল আলম ও তাঁর সঙ্গে সেখানে যাওয়া লোকজনকে উদ্ধার করে পাটগ্রামে নিয়ে আসেন। একই সঙ্গে তিনি সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক নিষিদ্ধ যন্ত্র অপসারণ করেন। পুলিশ ও পাটগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুড়িমারীসহ পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার নদী ও জমি থেকে দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিষিদ্ধ যন্ত্র দিয়ে পাথর তুলছেন। এসব এলাকা থেকে নিয়মিত কমপক্ষে দেড় শতাধিক নিষিদ্ধ মেশিন দিয়ে পাথর তোলা হয়। এ অবস্থায় বৃহস্পতিবার লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকারের নির্দেশে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট শরিফুল আলমের নেতৃত্বে একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বুড়িমারী যান। বুড়িমারী স্থলবন্দরের ধরলা নদীর বাঁধ এলাকায় গেলে নিষিদ্ধ যন্ত্রের মালিক ও শ্রমিকেরা তাঁদের অবরুদ্ধ করেন। এ সময় তাঁদের হামলায় আহত হন পাটগ্রাম ইউএনও কার্যালয়ের পিয়ন বোরহান উদ্দিন। তিনি বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।