বুড়িমারীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের বুড়িমারী বাজারে গত শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন: বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ইয়াকুব আলী (৫০), রহমত আলী (৪০), ফরিদ আলী (৩৫), সফিয়ার (৩৫) ও অ্যাপোলো (৩৩) এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের কর্মী কালাম (৩২)। তাঁদের মধ্যে আওয়ামী লীগের কর্মী তিন সহোদরকে গুরুতর অবস্থায় পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পর রাতেই উন্নত চিৎকিসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগ বাজারে মিছিল বের করে। এ সময় বুড়িমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আছির উদ্দিন আহম্মেদের বাসায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলন চলছিল। সেখান থেকে কতিপয় উচ্ছৃঙ্খল যুবক আওয়ামী লীগের মিছিলে ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বাজারের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষের সময় একটি দোকান ভাঙচুর এবং উভয় পক্ষের ছয়জন আহত হন।বুড়িমারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন আহম্মেদ বলেন, ‘আওয়ামী লীগের মিছিলটি আমার বাসার সামনের গেট ভাঙচুর করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।’বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুসা আলী বলেন, ‘স্বাধীনতা দিবস ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দলীয় কার্যালয়ে আলোচনা শেষে বুড়িমারী বাজারে মিছিল বের হলে স্বেচ্ছাসেবক দলের লোকজন অতর্কিতে হামলা চালায়। এতে আমাদের পাঁচ-সাতজন কর্মী আহত হন।’পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশিদুল করিম মো. ইসতেশাম বলেন, এ ব্যাপারে মুসা আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন।