বুয়েট উদ্ভাবিত ‘অক্সিজেট’ প্রধানমন্ত্রীর নজরে আনার পরামর্শ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ ও উচ্চগতির ভেন্টিলেশনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ‘অক্সিজেট’ নামের স্বল্প মূল্যের সিপ্যাপ যন্ত্রের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

এ লক্ষ্যে যন্ত্রটির বিষয়ে বিস্তারিত উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে আবেদন (রিপ্রেজেন্টেশন) দিতে বলা হয়েছে। স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে রিপ্রেজেন্টেশন দেওয়ার পাশাপাশি অ্যাটর্নি জেনারেল বরাবর অনুলিপি দিতে বলেছেন আদালত।

উদ্ভাবনের পর অক্সিজেট উৎপাদন ও ব্যবহারের অনুমোদন না পাওয়ার বিষয়টি আজ সোমবার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আইনজীবীর উদ্দেশে ওই কথা বলেন। আইনজীবী অনীক আর হক বিষয়টি আদালতের নজরে এনে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আছেন, কোভিড পরিস্থিতির বিষয়গুলো ওনারা দেখেন। প্রধানমন্ত্রী খুব ইনোভেটিভ মাইন্ডের। একটি ভালো বিষয় গেলে ওনার আগ্রহ থাকে, উনিও জানার চেষ্টা করেন। বিস্তারিত উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে রিপ্রেজেন্টেশনের কপি দেন। স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে রিপ্রেজেন্টেশন দেন। এর কপি অ্যাটর্নি জেনারেলকেও দেন।’

এর আগে শুনানিতে আইনজীবী অনীক আর হক বলেন, ‌‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি ডিভাইস (যন্ত্র) তৈরি করেছে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ এর অনুমোদন দিয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের হাই ফ্লো অক্সিজেন সরবরাহে নাজাল ক্যানুলা লাগে, যার দাম অনেক বেশি। বুয়েটের ওই ডিভাইসটি অক্সিজেন সরবরাহে ব্যবহার করা হলে প্রতি মিনিটে ৬০ লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়। অক্সিজেট নামের এই ডিভাইসটি তৈরির পর প্রথম ও দ্বিতীয় ধাপে ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) অনুমোদন দিচ্ছে না। কেননা, বুয়েট থেকে তৈরি ডিভাইসটি কোনো কারখানায় উৎপাদিত হয়নি। তারা কারখানা বা কোম্পানি থেকে তৈরি করা ছাড়া অন্য কাউকে উৎপাদনের জন্য অনুমোদন দিতে পারে না।’

আদালত বলেন, ‘সরকারের ক্রয়নীতি আছে, পিপিআর আছে। কোভিড তো আমাদেরকে নানাভাবে চোখ খুলে দিচ্ছে। একটি ভালো জিনিস আবিষ্কার করা হলো। সরকারি কেনাকাটার তো প্রক্রিয়া আছে। রয়েছে ঝামেলা। কারা উৎপাদন করবে?’
তখন আইনজীবী বলেন, বুয়েটই করছে। আদালত বলেন, বুয়েট কি বৃহৎ পরিসরে এটি করতে পারবে?

আইনজীবী অনীক আর হক বলেন, বুয়েট ১০ লাখ টাকার ডিভাইস তৈরি করেছে। এক একটি তৈরি করতে ২০–২৫ হাজার টাকা লেগেছে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ঢাকা মেডিকেল কলেজসহ সরকারি কয়েকটি মেডিকেল কলেজ এটি ব্যবহার করেছে। ক্লিনিক্যাল ট্রায়ালের এই অনুমতি দিতেও তারা রাজি হচ্ছিল না।

আদালত বলেন, এ বিষয়ে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে রিপ্রেজেন্টেশন দেন। এর একটি কপি অ্যাটর্নি জেনারেলকেও দেন। আদালতের আদেশ ছাড়াই যদি বিষয়টির সমাধা হয়, তাহলে ভালো।

আইনজীবী অনীক আর হক বলেন, ২০২০ সালের শেষ দিকে বাংলাদেশে ডিভাইসটি তৈরি হয়। আদালত বলেন, পত্রিকায় দেখেছিলাম। তখন অনীক আর হক বলেন, ইংল্যান্ড ডিভাইসটি বুয়েট থেকে নিয়ে যাচ্ছে। অথচ বাংলাদেশে ব্যবহারের অনুমতি মিলছে না।

আদালত বলেন, ‘এসব বিষয়ে পাবলিক ক্যাম্পেইনিংয়েরও দরকার হয়। বিদেশ থেকে কেনাকাটায় আমরা আগ্রহী বেশি।’

আইনজীবী অনীক আর হক বলেন, ‘ক্যানুলা এক একটির দাম দুই থেকে পাঁচ লাখ টাকার মধ্যে পড়ে। এই ডিভাইস এক একটির দাম ২০–২৫ হাজার টাকার মধ্যে। হাই ফ্লো নাজাল ক্যানুলার চেয়ে ৩০ শতাংশ অক্সিজেন সাশ্রয় করে ডিভাইসটি থেকে একই ধরনের সেবা পাওয়া যায়।’

আদালত বলেন, ‘ক্যানুলার দাম পাঁচ লাখ টাকা বললেন, খোঁজ নিয়ে দেখুন দাম কত ধরা হচ্ছে। কেনাকাটায় আমাদের আগ্রহ বেশি। সুতরাং এসব বিষয়ে পাবলিক ক্যাম্পেইনিং দরকার।’