বুয়েট উপাচার্যের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নজরুল ইসলামকে একাডেমিক কার্যক্রম থেকে বিচ্ছিন্ন রেখেছেন শিক্ষকেরা। এ অবস্থায় ‘শিক্ষা ও গবেষণায়’ অবদানের জন্য তাঁকে ‘ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স’ (আইইবি) পদক দেওয়ায় বুয়েট শিক্ষক সমিতি প্রতিবাদ জানিয়েছে। সমিতি অবিলম্বে উপাচার্যকে অপসারণেরও দাবি জানিয়েছে। গতকাল রোববার সমিতির জরুরি সাধারণ সভা শেষে পুরকৌশল ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, আইইবি কর্তৃপক্ষের এ পদক্ষেপ উপাচার্যের অনৈতিক কার্যক্রমকে উৎসাহিত করবে।গত বছর উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২ সেপ্টেম্বর সরকার সহ-উপাচার্য হাবিবুর রহমানকে প্রত্যাহার করে। এরপর উপাচার্যকে অপসারণের দাবিতে অনড় থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফেরেন।বুয়েট সূত্র জানায়, একাডেমিক কাউন্সিলের সভা ছাড়াও দুটি আন্তর্জাতিক সম্মেলনে উপাচার্যকে আমন্ত্রণও জানাননি শিক্ষকেরা। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসেও শিক্ষকেরা উপাচার্যের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেননি। উপাচার্য নজরুল ইসলাম আইইবি পদক সম্পর্কে বলেন, দেশে প্রায় ৪০ হাজার প্রকৌশলী রয়েছেন। তাঁর এ প্রাপ্তি সবার পছন্দ না-ও হতে পারে। শিক্ষক সমিতির পছন্দ হয়নি, তাই তারা প্রতিবাদ করেছে।