বুয়েট ও জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের নতুন কমিটি গঠন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সরকারি বদরুন্নেছা কলেজে নতুন কমিটি গঠন করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম গতকাল শুক্রবার প্রথম আলোকে নতুন কমিটি গঠনের বিষয়টি জানান। তিন মাসের জন্য বুয়েট ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক করা হয়েছে আমিনুল হককে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কমিটি করা হয়েছে এক বছরের জন্য। মাহমুদুর রহমানকে কমিটির সভাপতি এবং রাজিব আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া ১০ জনকে সহসভাপতি, চারজনকে যুগ্ম সম্পাদক ও পাঁচজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এর আগে ২০১০ সালের ১৯ মে রাশেদুল ইসলামকে সভাপতি ও নির্ঝর আলমকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু ওই কমিটি গঠনের কিছুদিন পর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হলে সেখানে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়। সরকারি বদরুননেসা কলেজ ছাত্রলীগের সভাপতি করা হয়েছে সাবিনা আক্তারকে। এক বছর মেয়াদের এ কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদা পারভীন। বুয়েটে চার-পাঁচ মাস ধরে কমিটি না থাকার কথা উল্লেখ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে জানান, ৬ ডিসেম্বর সেখানে সম্মেলন হবে। ভোটের মাধ্যমে ওই দিন নতুন কমিটি গঠন করা হবে। সাধারণ সম্পাদক বলেন, জাহাঙ্গীরনগরে যাঁদের নেতা করা হয়েছে, তাঁদের সবার ভাবমূর্তি পরিচ্ছন্ন।