বুয়েট ছাত্রলীগের দুই কর্মীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত বহাল
এক ছাত্রকে মারধরের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের অভিযুক্ত দুই কর্মীকে আজীবনের জন্য বহিষ্কারের আগের সিদ্ধান্তই বহাল রেখেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় তাঁদের শাস্তি পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হয়নি। স্থায়ী বহিষ্কার হওয়া দুই ছাত্র হলেন ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের সুজিত সাহা ও সাইফুল্লাহ শিকদার। গত ৩১ ডিসেম্বর বুয়েটের শেষ বর্ষের ছাত্র তৌসিফ আহমেদকে ব্যাট ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেন সুজিত, সাইফুল্লাহসহ কয়েকজন। ওই ঘটনার প্রতিবাদে ও জড়িত ছাত্রদের বহিষ্কারের দাবিতে বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তদন্ত কমিটি গত ২ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। একই দিন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সুজিত ও সাইফুল্লাহকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তবে শাস্তি পুনর্বিবেচনার জন্য তাঁদের ১৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ দেওয়া হয়। বুয়েটের উপাচার্য নজরুল ইসলামের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সুজিত ও সাইফুল্লাহর আবেদন বাতিল করা হয়।একাডেমিক কাউন্সিলের সদস্য আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কমিটির সভায় তাঁদের আবেদনটি উত্থাপন করা হয়েছিল। তবে তা বাতিল করে আগের সিদ্ধান্তই বহাল রেখেছে কমিটি।