বুয়েট শিক্ষক সমিতির কর্মবিরতি স্থগিত সোমবার থেকে ক্লাস
কর্মবিরতি স্থগিত করে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়ার এক দিন পর গতকাল শনিবার সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাস ও পরামর্শে আমরা ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন ক্লাসের সময় নির্ধারণ করবে, তখন থেকেই আমরা ক্লাসে যাব। তবে আমাদের মূল দাবি উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবি বহাল আছে।’জানতে চাইলে বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামীকাল সোমবার থেকে ক্লাস শুরু হবে।গত ৭ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করে আসছে বুয়েট শিক্ষক সমিতি। গত শুক্রবার আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শিক্ষকেরা কর্মবিরতি প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্তের কথা জানান, যা গতকাল চূড়ান্তভাবে ঠিক হলো।