বুয়েট শিক্ষক সমিতির সঙ্গে মন্ত্রীর বৈঠক হয়নি কর্মবিরতি চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির নেতাদের নির্ধারিত বৈঠক হয়নি। রাতে শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী আবার শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।গতকাল রাতে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘সমস্যাগুলো প্রশাসনিক। তাই আমি শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।’ প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কিছু করা কারও উচিত নয়।বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার আগে শিক্ষকদের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করতে সভা ডাকা হয়। তাই সাক্ষাতের বিষয়টি স্থগিত করা হয়েছে। শিক্ষকদের কর্মবিরতিও অব্যাহত থাকবে।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করে ভূতাপেক্ষ নিয়োগ দেওয়া বঙ্গবন্ধু পরিষদ বুয়েট শাখার সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার কামাল উদ্দীনকে রেজিস্ট্রার করার উদ্যোগ, শিক্ষক নিয়োগ ও প্রশাসনের বিভিন্ন পদে দলীয়করণসহ ১৬টি অভিযোগ এনে ৭ এপ্রিল থেকে আন্দোলন করছে বুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে সহ-উপাচার্যের পদটি বিলুপ্তির দাবি জানানো হয়েছে।