বুয়েট শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
চাকরির বয়সসীমা ৬৫ বছর করার দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষকেরা কর্মবিরতি স্থগিত করেছেন। গতকাল রোববার উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস শুরু হবে। বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ২৯ নভেম্বরের মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে বুয়েট অধ্যাদেশের অবসর গ্রহণ-সংশ্লিষ্ট ৪৩ নম্বর ধারা এবং পেনশন/গ্রাচুইটি-সংশ্লিষ্ট ১৯ নম্বর ধারা সংশোধন করার আশ্বাস দিয়েছেন উপাচার্য। এ ছাড়া আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশোধিত ধারাগুলো আচার্যের অনুমোদন নিয়ে তা কার্যকর করার জন্য উপাচার্যকে সময় দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিন্ডিকেটে ধারা পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আচার্যের অনুমোদনের জন্য পাঠানো হবে।চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে গত মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষকেরা। এর ফলে বিশ্ববিদ্যালয় অচল হয়ে যায়। বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বসয়সীমা ৬৫ করার দাবি মেনে নেওয়া হয়েছে। কাজটি যাতে তাড়াতাড়ি করা যায় সে জন্য প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের আইন আলাদাভাবে সংশোধন না করে একটি অভিন্ন আইন করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।