বুয়েট শিক্ষকদের প্রতীকী কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী কর্মবিরতি শুরু করেছে বুয়েট শিক্ষক সমিতি। আন্দোলনের অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা। বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বুয়েট কর্তৃপক্ষের অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে—সরকারের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতেই শিক্ষকেরা ক্লাসে ফিরে গিয়েছিলেন। কিন্তু দুই মাসের বেশি সময় পার হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আবারও কর্মবিরতি শুরু করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাবে শিক্ষক সমিতি।’ ৩ জুলাই বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আবুল কাসেমকে আহ্বায়ক করে গঠিত কমিটি প্রশাসনের বিরুদ্ধে গৃহীত বিভিন্ন অভিযোগ যথার্থ নয় বলে মন্তব্য করেছে। ওই দিনই বিকেলে শিক্ষক সমিতির সাধারণ সভায় কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুয়েটের বর্তমান উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করে ভূতাপেক্ষ নিয়োগ দেওয়া বঙ্গবন্ধু পরিষদ বুয়েট শাখার সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার কামাল উদ্দীনকে রেজিস্ট্রার করার উদ্যোগ, শিক্ষক নিয়োগ ও প্রশাসনের বিভিন্ন পদে দলীয়করণসহ ১৬টি অভিযোগ এনে গত এপ্রিল মাসে আন্দোলন করে শিক্ষক সমিতি। পরে সংকট নিরসনে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ক্লাসে ফিরে যান শিক্ষকেরা। বুয়েটের সহ-উপাচার্য হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতির দাবি ও শিক্ষামন্ত্রীর সুপারিশের ভিত্তিতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন তাঁদের পছন্দ না হলে তাঁরা আরও ঊর্ধ্বতন তদন্তের দাবি জানাতে পারেন।