বুয়েট শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি
ভিন্ন আবহে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যলয় (বুয়েট) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে এবারের পুনর্মিলনীতে ছিল ভিন্ন মাত্রা। আমন্ত্রিত অতিথিদের সবাই ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। কিছুক্ষণ পর পর ব্যান্ড বাজাচ্ছিল রণাঙ্গনের সংগীত। উদ্বোধনী পর্বের প্রায় পুরোটাজুড়েই ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা। গতকাল সকালে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় ওই পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। তিনি একাত্তরের স্মৃতিচারণা করে বলেন, সামরিক সমাধান যে কখনোই রাজনৈতিক সমাধান হতে পারে না, তার সবচেয়ে বড় প্রমাণ ১৯৭১। অনুষ্ঠানের সভাপতি ও অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘আমরা বুয়েটের কাছে চিরঋণী। এ প্রতিষ্ঠান না থাকলে আমরা এতদূর আসতে পারতাম না। বিশ্বে এমন দেশ খুব কম আছে, যেখানে বুয়েটের প্রাক্তন ছাত্ররা ভালো অবস্থানে নেই।’বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বুয়েট আন্তর্জাতিকভাবে খ্যাতি ও মানসম্পন্ন। কিন্তু এখন যুগোপযোগী ল্যাবরেটরি ও যন্ত্রপাতির অভাবে বুয়েট বিশ্বমানের উচ্চশিক্ষার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে।অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ, সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, বুয়েটের সাবেক ছাত্র ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক সাদিকুর রহমান বক্তব্য দেন।অনুষ্ঠানে বুয়েটের শিক্ষার্থী ছিলেন এমন খেতাব পাওয়া পাঁচ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।