বুয়েটের ছাত্র নকীবের বাড়িতে মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিছানাকান্দিতে পানিতে ডুবে মারা যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবু সাইফ নকীবের (১৯) গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে চলছে মাতম। আজ শুক্রবার বাদ মাগরিব নকিবের মরদেহ সেখানে দাফন করা হয়।

আজ বেলা সাড়ে তিনটার দিকে নকীবের মরদেহ গাইবান্ধা শহরের থানাপাড়ায় নানার বাসায় পৌঁছায়। বিকেল পাঁচটায় গাইবান্ধা সরকারি কলেজমাঠে নকীবের প্রথম  জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তাঁর মরদেহ গ্রামের বাড়ি সাদুল্যাপুর উপজেলার বড় জামালপুর গ্রামে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাঁদের মাতমে সেখানে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। পরে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

নকীবের পারিবারিক সূত্রে জানা যায়, নকীবের বাবা নুরুল ইসলাম রাজশাহী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ও মা নাছিমা আক্তার বানু রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা দিশেহারা হয়ে পড়েছেন।

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দির পিয়াইন নদে ডুবে মারা যান আবু সাঈদ নকীব। এ সময় তাঁর বন্ধু মশিউর রহমান সিয়ামও (২০) পানিতে ডুবে মারা যান।